গ্রাহকসেবা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অসৎ পরিচালকদের বিদায় করতে হবে
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে যেসব অসৎ, অদক্ষ ও সুবিধাবাদী পরিচালক রয়েছেন, তাঁদের বিদায় করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ব্যাংকগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে গ্রাহকসেবার মান বাড়াতে পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাজীবী নিয়োগের পরামর্শ দিয়েছেন।
ব্যাংক খাতে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য গঠিত কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচনকালে গতকাল সোমবার আতিউর রহমান এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক খাতে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের কাছে কতটি অভিযোগ করেছেন, কতটি নিষ্পত্তি হয়েছে, কোন কোন ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ বেশি, বাংলাদেশ ব্যাংক কী উপায়ে এসব অভিযোগ নিষ্পত্তি করেছে, এ ক্ষেত্রে ব্যাংকগুলো কতটা সহযোগিতা করেছে—ইত্যাকার বিভিন্ন বিষয়ে এফআইসিএসডির সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, উপকারভোগী কয়েকজন গ্রাহকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাত অত্যন্ত স্পর্শকাতর। এখানে গ্রাহকের আস্থা সবচেয়ে বড় বিষয়। দেশের ব্যাংক খাতকে ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। গত কয়েক বছরে কমপক্ষে ২০টি সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেও দু-একটি দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে এগোনো হচ্ছে।
সুর চৌধুরী অনুষ্ঠানে বলেন, ‘আমরা আশা করব সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্রাহকসেবা সম্পর্কিত গাইডলাইন অনুযায়ী চলবে। ব্যাংকগুলোকে বিশ্বাস করতে হবে গুড কমপ্লায়েন্স, গুড সার্ভিস গুড বিজনেস দেবে। আবার বাংলাদেশ ব্যাংককেও সুপারভিশন, মনিটরিং, রেজুলেশন, পলিসি শক্তিশালী করতে হবে।’
প্রতিবেদন তথ্য: গত বছর বাংলাদেশ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরে দেশের ব্যাংকগুলোর চার হাজার ৪৭৬ জন গ্রাহক বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। তার মধ্যে চার হাজার ২৯১টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ২০১২-১৩ অর্থবছরে অভিযোগ ছিল চার হাজার ২৯৬টি।
সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ট্রেড বিল-সংক্রান্ত। তারপর রয়েছে ব্যাংকিং-সংক্রান্ত অভিযোগ। এ ছাড়া ঋণ ও অগ্রিম, রেমিট্যান্স, মোবাইল ব্যাংকিং, ডেবিট, ক্রেডিট ও এটিএম কার্ডবিষয়ক অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো আশানুরূপ সহযোগিতা করছে না বলে অনুষ্ঠানে জানান বিভাগের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা। তিনি অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট অভিযোগের এক-তৃতীয়াংশ মাত্র ১০টি ব্যাংকের গ্রাহকের। বাংলাদেশ ব্যাংক অভিযোগের ভিত্তিতে শীর্ষ ১০টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে। সবচেয়ে বেশি অভিযোগ সোনালী ব্যাংকের বিরুদ্ধে। এর পরেই রয়েছে জনতা, অগ্রণী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের নাম। বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ইসলামী ব্যাংকের গ্রাহকদের। এর পরেই রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক।
অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে বিভিন্ন ব্যাংকের মোট ১৮৪ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। এর মধ্যে ১৮ জন ব্যাংকগুলোর মহাব্যবস্থাপক বা তার ওপরের পদে কর্মরত ছিলেন।