রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নিয়োগ আগামী সপ্তাহে: অর্থমন্ত্রী
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের নতুন সদস্য নিয়োগ হবে আগামী সপ্তাহে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ নিয়োগ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। ভিয়েতনাম ও লাওস সফর শেষ করে আজ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। তবে পরিচালকদের যোগ্যতা ও তাঁদের নিয়োগ-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন পরিচালক নিয়োগে একটি সার্চ কমিটি গঠনের পরামর্শ দেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকার আমলে গঠিত ব্যাংক সংস্কার কমিটির সুপারিশে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালক ও শীর্ষ নির্বাহীদের নিয়োগে এমন সার্চ কমিটি গঠনের কথা ছিল। ইব্রাহিম খালেদ বলেন, ‘সরকার নিজেও অনেক সময় নিজের নিয়মনীতি মেনে চলতে পারে না। ঝামেলা এড়াতে সরকার যেটা করতে পারে, তা হলো—একটি সার্চ কমিটি গঠন করে দেওয়া। এই কমিটিই বাছাই করবে, কারা হতে পারবেন পরিচালক। সরকারের নীতি পছন্দ করেন কিন্তু সরকারের মধ্যে নেই—এমন লোকদের দিয়ে এই কমিটি গঠন করা যেতে পারে।’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নিয়োগের সুপারিশ করে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা একটি তালিকা পাঠিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে। সোনালী, অগ্রণী ও জনতা—এই তিন ব্যাংকের কিছু পরিচালক নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে ওই তালিকাকে বিবেচনায় নিয়ে। নানা অভিযোগ থাকা সত্ত্বেও দলীয় বিবেচনায় কোনো কোনো পরিচালক পুনর্নিয়োগ পাচ্ছেন বলেও জানা গেছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হল-মার্ক গ্রুপসহ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে গেলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর পেছনে ব্যাংকটির পরিচালনা পর্ষদেরও দায় রয়েছে বলে অর্থমন্ত্রীকে গত ২৬ আগস্ট চিঠি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। চিঠিতে সোনালী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। অর্থমন্ত্রী যদিও চিঠি পাওয়ার পর এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। গত ৮ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্যের মেয়াদ শেষ হয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবরে শেষ হয়েছে জনতা ও অগ্রণী ব্যাংকের পরিচালকদের মেয়াদ। রূপালী ব্যাংকের পাঁচ পরিচালকের মেয়াদ শেষ হবে আগামী মাসে। বাকিদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তিনটি ব্যাংকের পরিচালকদের মেয়াদ শেষ হওয়ার এক থেকে দুই মাস হতে চললেও নতুন পরিচালক নিয়োগ দেয়নি অর্থ মন্ত্রণালয়। যদিও এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর বিশেষায়িত ব্যাংকসহ ব্যাংকগুলোর জন্য সাতজন চেয়ারম্যানের মেয়াদ বাড়িয়েছে সরকার। সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের মেয়াদ বাড়ানো হয়েছে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত। আর, বাকি ছয় ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছরের জন্য। এ ছাড়া অগ্রণী ব্যাংকে খন্দকার বজলুল হক, জনতা ব্যাংকে আবুল বারকাত, রূপালী ব্যাংকে আহম্মদ আল কবির, বেসিক ব্যাংকে শেখ আবদুল হাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নৌবাহিনীর সাবেক প্রধান এ তাহের চেয়ারম্যান হিসেবে প্রত্যেকেই দুই বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এ ব্যাংকেরই পরিচালক শান্তি নারায়ণ ঘোষ। তাঁরা সবাই ২০০৯ সালে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে সততা ও দক্ষতার দিক বিবেচনা না করে শুধু দলীয় বিবেচনায় পরিচালক নিয়োগ দেওয়ায় ২০০৯ সাল থেকেই সমালোচনা করে আসছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কিন্তু সরকারের পক্ষ থেকে তা আমলে নেওয়া হয়নি। বরং ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নিয়োগ দেওয়া লোকদের তবু একটা পেশাজীবী পরিচয় আছে। কেউ ওকালতি করে, কেউ ব্যবসা করে। আগে তো চেয়ারম্যান ও পরিচালক পদে শুধুই রাজনৈতিক নেতাদের বসানো হতো।’সোনালী ব্যাংকে তখন নিয়োগ দেওয়া হয় ছাত্রলীগের সাবেক নেতা সুভাষ সিংহ রায়, স্কুলশিক্ষিকা ও মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী, জনতা ব্যাংকে বলরাম পোদ্দার, অগ্রণী ব্যাংকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুস সবুর, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক নাগিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের সাবেক ভিপি কে এম এন মঞ্জুরুল হক, কৃষি ব্যাংকে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খোন্দকার জাহাঙ্গীর কবির প্রমুখ। ২০০৯ সালের এপ্রিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিত্ব করার কথা বলে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউনটেন্ট, আর্থিক বাজার, মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি, সাবেক ব্যাংকার, আইনজ্ঞ, বেসরকারি খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও কমপক্ষে একজন নারী পেশাজীবী নিয়োগের কথা বলা হয়। কিন্তু বাস্তবে পরিচালক নিয়োগের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।