রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিস্থিতি দেখবে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদকে অধিকতর জবাবদিহির জন্য এখন থেকে তিন মাস পর পর ব্যাংকগুলোর আর্থিক অবস্থার চিত্র নিয়ে বৈঠক করবে অর্থ মন্ত্রণালয়।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, বিডিবিএলসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আসলাম আলম বলেন, ‘এত দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক তাদের তদারক করে, কিন্তু অত গভীরে যায় না। সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে একই গুরুত্ব দিয়ে তদারক করে কেন্দ্রীয় ব্যাংক।’
গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লিমিটেড কোম্পানি হওয়ার পর ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানান আসলাম আলম। তিনি বলেন, ‘ধারণা ছিল, তাদের স্বাধীনভাবে চলতে দিলে ভালো চলবে। পর্ষদ হলো, স্বাধীনভাবে তারা কাজও করল, কিন্তু ভালো ফল পাওয়া গেল না।’ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বলেন, ব্যাংকের মালিক সরকার। পর্ষদ সদস্যরা মালিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এত দিন তাঁদের কর্মকাণ্ড ততটা জবাবদিহির মধ্যে ছিল না। এখন জবাবদিহির মধ্যে থাকতে হবে।