রাষ্ট্রমালিকানাধীন সব ব্যাংকের শেয়ার বাজারে ছাড়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর শেয়ার বাজারে ছাড়ার মধ্য দিয়ে এসব ব্যাংকে বেসরকারি অংশীদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেছেন, রূপালী ব্যাংকের কিছু শেয়ার এরই মধ্যে বাজারে ছাড়া হলেও অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এখনো তা হয়নি। এই কাজটি সরকারের এ মেয়াদেই শুরু হবে।

তবে অর্থমন্ত্রী কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের শতভাগ শেয়ার এখনো সরকারের হাতেই আছে।

রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান।

অর্থমন্ত্রী বলেন, সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্তৃত্ব থাকবে সরকারের হাতে। তবে তা পরিচালিত হবে দেশের অন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো বাণিজ্যিকভাবে।

মুহিত আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে জালিয়াতি ও চুরির ঘটনা ঘটছে। তবে এ ঘটনা প্রতিরোধে সরকারও যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, হল-মার্ক কেলেঙ্কারির পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মূল্যায়ন ও পরিবীক্ষণ অনেক বাড়ানো হয়েছে।

ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো শিগগিরই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন। তাঁর মতে, প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত দুর্নীতি অনেক কমে আসবে।

তবে অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিমত প্রকাশ করে আবুল বারকাত বলেন, এটি করলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা কিছু মানুষের হাতে চলে যাবে। দেখা যাবে, ঘুরেফিরে তারাই সব ব্যাংকের চেয়ারম্যান।

আবুল বারকাত বলেন, এই কাজটি করা হচ্ছে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিলের) পরামর্শে। আপনারা সবাই জানেন যে আইএমএফ একটি ঋণদাতা প্রতিষ্ঠান। কিন্তু আসলে এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

সম্মেলনে জানানো হয়, গত বছর জনতা ব্যাংকের আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪৭ হাজার কোটি টাকা। অর্জিত হয়েছে এর চেয়েও ৮৫৩ কোটি টাকা বেশি। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে শ্রেণীকৃত ঋণের হার প্রায় ১৮ শতাংশ থেকে কমে এখন ১১ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া গত বছর বিনিয়োগের প্রবৃদ্ধি ছিল প্রায় ৭৮ দশমিক ৩৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় আট হাজার ৪৯৩ কোটি টাকা বেশি।

এ ছাড়া ব্যাংকের মোট সম্পদ ১৪ দশমিক ৬৬ শতাংশ বেড়ে এখন ৫৮ হাজার ৬০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। বর্তমানে ব্যাংকের মূলধনসহ প্রভিশনে কোনো ঘাটতি নেই।