রাষ্ট্রমালিকানার ব্যাংকের পরিচালকেরা জানবেন ব্যাংকিং আইনকানুন
ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতি রোধে ভূমিকা রাখার জন্য রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নতুন পরিচালকদের ব্যাংকিং আইনকানুন বিষয়ে সম্যক ধারণা দেবে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকের পরিচালকদের নিয়ে দেশে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ব্যাংক কোম্পানি আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ ব্যাংকের সঙ্গে সম্পর্কিত ১৮টি আইন, অধ্যাদেশ এবং আদেশ বিষয়ে পরিচালকদের সংক্ষেপে ধারণা দেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান, দুই ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এস কে সুর চৌধুরী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রমুখ। সদ্য নিয়োগ পাওয়া সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমানসহ ২২ জন পরিচালক এতে অংশ নেবেন বলে জানা গেছে।