রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১২ নতুন ডিএমডি
রাষ্ট্রীয় মালিকানাধীন ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১২ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
এতে তিনজন হচ্ছেন রূপালী ব্যাংকের। তাঁদের মধ্যে দেবাশীষ চক্রবর্তীকে একই ব্যাংকে, হোসনে আরা বেগমকে জনতা ব্যাংকে ও আরিফুর রহমানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ডিএমডি করা হয়েছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আ. খালেক খান ও বিকেবির মো. জালাল উদ্দিনকে ডিএমডি করা হয়েছে যাঁর যাঁর ব্যাংকের।
এর বাইরে জনতা ব্যাংকের আওলাদ হোসেনকে অগ্রণী ব্যাংকে, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ জালাল উদ্দিনকে সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকের হাসান ইকবাল ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আফরোজা গুলনাহারকে জনতা ব্যাংকে, কর্মসংস্থান ব্যাংকের গান্ধীকুমার রায়কে বিকেবিতে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) কাজী সানাউল হককে অগ্রণী ব্যাংকে এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ওয়াহিদুজ্জামান খন্দকারকে বিডিবিএলের ডিএমডি করা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে জিএমদের পদোন্নতি ও নতুন কর্মস্থল নির্ধারণের কথা বলা হয়েছে।