দেশের রাষ্ট্রায়ত্ত খাতের অলাভজনক কারখানাগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা দেশে দ্রুত শিল্পায়নের স্বার্থে শিল্পনীতির সঠিক বাস্তবায়নে জাতীয় সংসদে এটি পাস করানোর দাবি জানিয়েছেন। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় শিল্পনীতি-২০১০ বাস্তবায়নের বিষয়ে কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা এসব কথা বলেন। খবর ইউএনবির।রাজধানীর স্থানীয় একটি হোটেলে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির (এমসিসিআই) সভাপতি এম আনিস উদ্ দৌলা, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ ও অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম এবং ইউএনডিপির প্রতিনিধি স্টিফান প্রিসনার উপস্থিত ছিলেন। দিলীপ বড়ুয়া বলেন, যেকোনো বিষয়ে নীতি তৈরি করা অপেক্ষাকৃত সহজ। কিন্তু এর বাস্তবায়ন অত্যন্ত কঠিন ও জটিল। বাংলাদেশে এর আগে বেশ কয়েকটি শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল। তবে এসব নীতির সফল বাস্তবায়ন সম্ভব হয়নি। এর অন্যতম কারণ, শিল্পনীতি প্রণয়নে জন-আকাঙ্ক্ষা ও বাস্তবতাকে বিবেচনায় না নেওয়া। দাতাদের পরামর্শ এবং রাজনৈতিক অভিলাষ পূরণের লক্ষ্য নিয়ে এসব নীতি প্রণয়ন করা হয়েছিল বলে উল্লেখ করেন দিলীপ বড়ুয়া। তিনি আরও বলেন, এসব নীতিতে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের মতামতের প্রতিফলন ঘটেনি।কর্মশালায় এমসিসিআইয়ের সভাপতি এম আনিস উদ্ দৌলা বলেন, ‘নতুন শিল্পনীতিতে বড় ধরনের স্ববিরোধিতা রয়েছে। একদিকে বেসরকারি খাতের বড় ধরনের প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।’ এমসিসিআইয়ের সভাপতি শিল্পনীতিতে রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠানগুলোর ওপর জোর দিয়ে এসবের বিকাশের বিরোধিতা করেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত খাতের অনেক বেশি প্রতিষ্ঠান বাজার অর্থনীতির উন্নয়নে সহায়তা করে না। বরং রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠানগুলোর কারণে দেশের রুগ্ণশিল্পের সংখ্যা বেড়ে যাচ্ছে। মেট্রো চেম্বারের সভাপতি রাষ্ট্রায়ত্ত খাতের অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন।আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা আরও বলেন, বিভিন্ন সময় শিল্পনীতি করা হলেও এ নীতির বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। এর জন্য তাঁরা দেশের আমলাতন্ত্রকে দায়ী করেন। শিল্পনীতির সঠিক বাস্তবায়নে তাঁরা শিল্পনীতি জাতীয় সংসদে পাস করানোরও দাবি জানিয়েছেন।