বেসরকারীকরণ কমিশন থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে
রাষ্ট্রায়ত্ত চার প্রতিষ্ঠানে তিন শিল্পপার্ক স্থাপন!

বেসরকারীকরণ বাদ দিয়ে বন্ধ শিল্পে প্রাণ ফেরাতে নতুন পরিকল্পনা করেছে বেসরকারীকরণ কমিশন। শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন বন্ধ চারটি রাষ্ট্রায়ত্ত শিল্পে তিনটি শিল্পপার্ক স্থাপনে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে কমিশন। এরই মধ্যে কমিশনের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
যে চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো: চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিলস, খুলনা হার্ডবোর্ড মিলস ও নর্থবেঙ্গল পেপার মিলস। চারটি প্রতিষ্ঠানই একসময় ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ার জন্য কমিশনে পাঠানো হয়েছিল। তার মধ্যে বর্তমানে নর্থবেঙ্গল পেপার মিলস বেসরকারীকরণের তালিকাভুক্ত থাকলেও অপর তিনটি প্রতিষ্ঠান মন্ত্রণালয় এ পর্যায়ে নিজেরাই চালুর উদ্যোগ নেয়। তবে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে মিলগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারীকরণ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বন্ধ কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এখন তা প্রধানমন্ত্রীর বিবেচনাধীন রয়েছে। তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
কমিশন চেয়ারম্যান আরও বলেন, ‘নতুন এই প্রস্তাবে যদি প্রধানমন্ত্রী সম্মত হন তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে তাঁর (প্রধানমন্ত্রীর) সভাপতিত্বে একটি সভা করারও সুপারিশ করা হয়েছে।’
বেসরকারীকরণ কমিশন খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলস মিলিয়ে একটি শিল্পপার্ক এবং চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স ও নর্থবেঙ্গল পেপার মিলসে আলাদা আলাদা দুটিসহ মোট তিনটি শিল্পপার্ক স্থাপনের সুপারিশ করেছে।
কমিশন বলছে, বন্ধ এসব প্রতিষ্ঠানে যে পরিমাণ জমি রয়েছে তাতে রাস্তাঘাট ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের পরও বাকি জমিতে তিন একর করে ৭৯টি শিল্প প্লট করা সম্ভব। পরবর্তী সময়ে এসব শিল্পপ্লট দীর্ঘমেয়াদে শিল্পোদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাতে ৭৯টি নতুন শিল্প গড়ে উঠবে। এতে সরকারের বিপুল রাজস্ব আদায়ের পাশাপাশি প্রায় ২০ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ ঘটবে।
কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত চারটি শিল্পপ্রতিষ্ঠানই ২০০২ সাল থেকে বন্ধ রয়েছে। এই চারটি প্রতিষ্ঠানের পুঞ্জিভূত লোকসানের পরিমাণ প্রায় ৮২৫ কোটি টাকা। আর দায়-দেনা রয়েছে প্রায় এক হাজার ৯০ কোটি টাকার। বর্তমানে এসব প্রতিষ্ঠানে আড়াই শ লোক কর্মরত আছেন। সম্পূর্ণ নতুনভাবে প্রতিস্থাপন ছাড়া কোনোভাবেই বন্ধ এসব মিল চালু করা সম্ভব নয়।
চারটি শিল্পে প্রায় ২৮০ একর জমি রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ৯১ একর, খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ডবোর্ড মিলস মিলিয়ে প্রায় ৯৮ একর এবং নর্থবেঙ্গল পেপার মিলসে ৯১ একর জমি রয়েছে।
প্রস্তাবে যা আছে: কমিশন বলছে, চারটি প্রতিষ্ঠানে শিল্পপার্ক স্থাপন করে ৭৯টি শিল্প প্লট আকারে উদ্যোক্তাদের মধ্যে ৩৫ বছর মেয়াদে ইজারা দেওয়া হলে তা থেকে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। নতুন প্রতিষ্ঠিত এসব শিল্পপার্কে গড়ে ২৫ কোটি টাকা বিনিয়োগ হলে তাতে প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে। এর বাইরে শুল্ক, কর, ভ্যাট, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাবদ সরকারের মোটা অঙ্কের রাজস্ব আয় হবে। নতুন এসব শিল্পে গড়ে ২৫০ জন লোকের কর্মসংস্থান হলেও তাতে করে তিনটি শিল্পপার্কে মোট ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কমিশন বলছে, এ ধরনের পদক্ষেপের ফলে একদিকে বন্ধ প্রতিষ্ঠানগুলোতে নতুনভাবে প্রাণসঞ্চার হবে এবং সরকারের জমি সরকারের হাতেই থাকবে। এসব শিল্প প্লট বরাদ্দের মাধ্যমে এ খাত থেকে সরকারের যে আয় হবে তা দিয়ে বন্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নতুনভাবে অন্যত্র প্রতিস্থাপন করা সম্ভব হবে।
কমিশন মনে করে, সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এসব বন্ধ প্রতিষ্ঠান চালু রাখতে চায়, তাহলে শিল্প মন্ত্রণালয়ের অধীন কর্ণফুলী পেপার মিলসহ অন্য কোনো শিল্প এলাকায় এসব প্রতিষ্ঠান নতুনভাবে প্রতিস্থাপন সম্ভব। শিল্পপার্ক স্থাপনের মাধ্যমে সরকার যে অর্থ পাবে তা দিয়েই প্রতিস্থাপন কাজ করা যাবে।
এদিকে গত নভেম্বরে খুলনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা নিউজপ্রিন্ট মিলের সম্পদ দখল হয়ে যাচ্ছে। সরকারদলীয় লোকজন মিলটির অনেক জায়গা দখল করে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকার পূরণে খুলনা হার্ডবোর্ড মিলটি সাময়িকভাবে চালু করা হয়েছিল। কিন্তু উৎপাদিত পণ্য বিক্রির চরম সংকটে পড়ে শেষ পর্যন্ত সেটি পুনরায় বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খুলনা নিউজপ্রিন্ট মিলস ও খুলনা হার্ডবোর্ড মিলস নিয়ে নভেম্বরে প্রথম আলোতে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।