রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে শিশু দিবাযত্ন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অতিথিরা। ছবি: সংগৃহীত
শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অতিথিরা। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং বেসিক ব্যাংক যৌথভাবে রাজধানীর মতিঝিলে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তুলেছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মতিঝিলের দিলকুশা এলাকায় আল-আমিন সেন্টারের চতুর্থ তলায় এ কেন্দ্রের উদ্বোধন করেন। এ কেন্দ্রে ৬৫ জন শিশু সেবা পাবে। 

এই পাঁচটি ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা তাঁদের সন্তানদের এ কেন্দ্রে রাখতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গভর্নর আতিউর রহমান বলেন, মা তাঁর ছোট শিশুকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা না পেলে কাজের জন্য ঘরের বাইরে যেতে চাইলেও যেতে পারেন না। শুধু এই কারণে মায়েরা কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তাই কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা দরকার। এতে মায়েরা কর্মস্থলে নিশ্চিন্ত মনে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
আতিউর রহমান আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে নিয়োজিতদের একটি বড় অংশই নারী। যেসব ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র নেই, তাদের এককভাবে বা কাছাকাছি স্থানে যৌথভাবে এ ধরনের কেন্দ্র স্থাপনের জন্য ২০১৩ সালের মার্চে একটি নির্দেশনা দেওয়া হয়। দেরিতে হলেও সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের মতো সরকারি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে গড়ে তোলা কেন্দ্রটি এই ব্যাংকগুলোর আধুনিকায়ন ও পেশাদারির একটি নতুন মাত্রা যোগ করল।
এ উদ্যোগকে ‘মানবিক ব্যাংকিং’-এর উৎকৃষ্ট একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন আতিউর রহমান।
কোনো ব্যাংক এককভাবে না পারলে এভাবে কয়েকটি ব্যাংক মিলে হলেও যাতে শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তুলে সব ব্যাংকের প্রতি আতিউর রহমান আহ্বান জানান। তবে ভবিষ্যতে প্রতিটি ব্যাংকের নেতৃত্বে একটি করে কেন্দ্র স্থাপন করার আহ্বান জানান তিনি।
গভর্নর জানান, এ ধরনের কেন্দ্র স্থাপনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শুধু নির্দেশনা দেওয়া নয়, এ নির্দেশনা দেওয়ার ছয় বছর আগেই বাংলাদেশ ব্যাংক ৩২ জন শিশুর যত্ন এবং লালন-পালনের সুবিধার জন্য একটি কেন্দ্র চালু করে। চাহিদা ও প্রয়োজনের তাগিদে বর্তমানে এর পরিসর বাড়ানো হয়েছে। বর্তমানে ৭০ জন শিশুকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। পরিসর আরও বাড়ানো এবং এটিকে আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামেও একটি কেন্দ্র চালু করা হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে আতিউর রহমান বলেন, ‘আপনারা শুধুই নগর পিতা নন, মাতাও হন। আমাদের জায়গা দিন। আমরা ব্যাংকের সিএসআর কার্যক্রমে বড় আকারে ও আন্তর্জাতিক মানের ডে-কেয়ার সেন্টার গড়ে তুলব।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, নওশাদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।