রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম এয়ার শেয়ার ছাড়ছে

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইনস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। এ ঘোষণায় দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটি এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ৪৩০টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তারই অংশ হিসেবে ভিয়েতনাম এয়ারলাইনস শেয়ারবাজারে আসছে।
বিমান সংস্থাটি আইপিওর মাধ্যমে প্রাথমিকভাবে পাঁচ কোটি ১০ লাখ ডলার সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে। তবে বিনিয়োগকারীরা বলছেন, বেসরকারীকরণের এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
ভিনাক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ অ্যালান ফাম বলেন, ‘এটা এখন জীবন-মরণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। কারণ, ইতিমধ্যে প্রক্রিয়াটি অনেক বিলম্বিত হয়েছে।’
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বেসরকারীকরণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ সরকারের বৃহৎ বিনিয়োগ পরিকল্পনারই একটি অংশ। ভিয়েতনামের উৎপাদনক্ষমতা বিদেশিদের ওপর অনেকাংশে নির্ভরশীল, যা গত মে মাসে চীনবিরোধী দাঙ্গার পর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরবর্তী সময়ে ভিয়েতনাম এয়ারলাইনস সাড়ে ৩ শতাংশ শেয়ার বাজারে ছেড়ে তা থেকে ১৫০ কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে।
দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, গত বছরে এ প্রক্রিয়া শুরু করা হলে আরও ভালো হতো।
নয় কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামের অভ্যন্তরীণ বিমান পরিবহনের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে ভিয়েতনাম এয়ারলাইনস। এটি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় দিক। তবে স্বল্প অংশীদারির মালিকানা এবং প্রতিষ্ঠানটির অপর্যাপ্ত আর্থিক ও প্রশাসনিক তথ্য বিনিয়োগকারীদের নিশ্চিন্ত হতে দিচ্ছে না।
গত অর্থবছরে বিমান সংস্থাটির মোট মুনাফা হয়েছে আড়াই কোটি ডলার (প্রায় ১৯৪ কোটি টাকা)। একই বছরে টিকিট বিক্রি ও অন্যান্য সেবা থেকে আয় হয়েছে ৩৪০ কোটি ডলার।
কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ভিয়েতনাম এয়ারলাইনসের বেসরকারীকরণ প্রক্রিয়ার ওপর দেশটির সরকারের পুরো বেসরকারীকরণ সাফল্য অনেকটা নির্ভরশীল। কারণ হিসেবে তাঁরা বলছেন, এর আগে ছোট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে সরকার বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে।
ভিয়েতনাম সরকারের অর্থ ও বাণিজ্যবিষয়ক এক কর্মকর্তা বলেন, ‘ভিয়েতনাম এয়ারলাইনসের বেসরকারীকরণ প্রক্রিয়া ব্যর্থ হলে এর প্রভাব পড়বে অন্য সব প্রতিষ্ঠানের ওপর। মুকুটের উজ্জ্বল মণিই যদি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে না পারে, তাহলে সরকারের পিছিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই।’
তবে অনেক বিনিয়োগকারী সরকারের বেসরকারীকরণ প্রক্রিয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ও বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে।
দেশটির উপপ্রধানমন্ত্রী ভু দুক দাম গত সপ্তাহে বেসরকারীকরণ পথনকশা বাস্তবায়নে তাঁর সরকার বদ্ধপরিকর বলে জানান। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহায়তা সরকারের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
ভু দুক দাম বলেন, ‘আমাদের বার্ষিক প্রবৃদ্ধি অবশ্যই খুব দ্রুত ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮-৯ শতাংশে নিয়ে যেতে হবে।’
সূত্র: িফন্যান্সিয়াল টাইমস