রাষ্ট্রীয় খাতের হিসাবরক্ষণ ও নিরীক্ষণে পরিবর্তনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি তথা রাষ্ট্রীয় খাতের হিসাবরক্ষণ ও নিরীক্ষণে গুণগত পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী এ জন্য তিনটি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান।সংস্থা তিনটি হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বাংলাদেশ (আইসিএমএবি)।রাজধানীর একটি হোটেলে গতকাল ‘সরকারি খাতের হিসাবরক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতি শক্তিশালীকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আইসিএবি এবং কনফেডারেশন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউনটেন্টস (সিএপিএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এতে বিশেষ অতিথি ছিলেন। সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান এম ফরহাদ হোসেন স্বাগত এবং আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।এ ছাড়া বক্তব্য দেন সিএপিএর সভাপতি কেইথ ওয়েডলক ও সহসভাপতি মো. আবদুস সালাম। আইসিএবির সাবেক সভাপতি আনোয়ারউদ্দিন চৌধুরী সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এ সম্মেলনে দুটি কারিগরি অধিবেশনে সাতটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।মূল প্রবন্ধে হিসাবরক্ষণ ও নিরীক্ষণের কাজে কিছু সংস্কার ও নতুন কিছু বিষয় চালুর কথা বলা হয়। এগুলো হচ্ছে সরকারি খাতে আর্থিক ব্যবস্থাপনা, উচ্চমানের আর্থিক প্রতিবেদন, বিশ্বাসযোগ্য নিরীক্ষা, সরকারি সিদ্ধান্তগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা বাড়ানো ইত্যাদি।এতে আরও বলা হয়, অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত-নির্বিশেষে বিশ্ব অর্থনীতিকেই এখন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আর্থিক ব্যবস্থার যথাযথ হিসাবপদ্ধতি প্রয়োগ এ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের যথাযথ হিসাবরক্ষণ ও নিরীক্ষণ একটি বিরাট চ্যালেঞ্জ। কারণটা হলো হীন মানসিকতা।’ তিনি মনে করেন, সরকারি খাতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ মানসিকতার পরিবর্তন আজ খুবই জরুরি।দেশের হিসাবপদ্ধতি নগদ-ভিত্তিকের পরিবর্তে পুঞ্জীভবন-ভিত্তিক (অ্যাক্রুয়াল বেসিস) করারও তাগিদ দেন অর্থমন্ত্রী।মুহিত আরও বলেন, ২০০৮ সালের বিশ্বমন্দার পর সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ নতুন করে অনুভূত হচ্ছে। তবে বর্তমান সরকার এ ব্যাপারে সব সময়ই সজাগ।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, সব অর্জনের মধ্যে মূল অর্জন হচ্ছে আর্থিক অর্জন। আর সেই আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।সনদ পাওয়া হিসাববিদেরা সুশাসন, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন জি এম কাদের।আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম সিএজি কার্যালয়কে শক্তিশালী করার পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে হলেও এতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং স্ট্যান্ডার্ড (আইএএএস) চালু ও বাস্তবায়নের পরামর্শ দেন।সম্মেলন আয়োজক কমিটির সভাপতি এম ফরহাদ হোসেন বলেন, সরকারি খাতের জবাবদিহি চাওয়া মানেই হলো দেশের সম্পদের ব্যাপারে খোঁজ ও যত্ন নেওয়া, শক্তিশালী গণতন্ত্রের জন্য যা আবশ্যক।সিএপিএর সভাপতি কেইথ ওয়েডলক বলেন, পুঞ্জীভবন-ভিত্তিক হিসাবপদ্ধতি চালু এখন জরুরি হয়ে পড়েছে। কারণ, তা আধুনিক এবং যথাসম্ভব নির্ভুল।