রাষ্ট্রীয় পর্যায়ে চার লাখ টন ইউরিয়া সার দিতে চীনা কোম্পানির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশে চার লাখ টন ইউরিয়া সার সরবরাহ করার প্রস্তাব দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সার উৎপাদক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি প্রতিবছর ২০ লাখ টন ইউরিয়াসহ বিভিন্ন ধরনের প্রায় দুই কোটি ৪০ লাখ টন রাসায়নিক সার উৎপাদন করে।বাংলাদেশ সফররত চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনকিয়ানহুয়া ইউনাইটেড কমার্স কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল গতকাল রোববার দুপুরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে কোম্পানির উপমহাব্যবস্থাপক এডি ওয়েং, সার রপ্তানি ব্যবস্থাপক জাস্টিং চয়, কুংমিং কমপ্যাথ ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক লেই বিও, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো. ফাইজুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা ইনকিয়ানহুয়া ইউনাইটেড কমার্স কোম্পানি লিমিটেডের উৎপাদন ও বিপণনের বিষয়ে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এ প্রতিষ্ঠান ১০ বছর ধরে সুনামের সঙ্গে বাংলাদেশে নন-ইউরিয়া সার সরবরাহ করছে বলে তাঁরা জানান। তাঁরা কোম্পানির উৎপাদন ক্ষমতা, বিপণন পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য শিল্পমন্ত্রীকে কুংমিং সফরের আমন্ত্রণ জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মহাজোট সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দুই বছর ধরে সারের দাম কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ্রদীর্ঘ সাত মাস রাষ্ট্রায়ত্ত সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরও চলতি ইরি-বোরো মৌসুমেও দেশের কোথাও কোনো ধরনের সার-সংকট নেই বলে তিনি উল্লেখ করেন। সরকার আন্তর্জাতিক দরপত্র ও রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সারের নিরাপদ মজুদ গড়ে তুলছে বলে তিনি জানান।শিল্পমন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সার আমদানিতে অগ্রাধিকার দিচ্ছে। তিনি চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রস্তাব স্বাগত জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন।