রাষ্ট্রীয় পর্যায়ে চিনি আমদানি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রমজানে চিনি নিয়ে বাজারে যেন কোনো অস্থিরতা না হয়, সে জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্রাজিল থেকে চিনি আমদানির উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘গত রমজানে চিনি পরিশোধনকারী মিলগুলো কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়িয়ে দিয়েছিল। আমাদের হাতে পর্যাপ্ত চিনি না থাকার কারণে তখন আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারিনি। আসন্ন রমজানে যেন চিনি নিয়ে কোনো অস্থিরতা না হয়, সে জন্য স্টেট টু স্টেট পর্যায়ে চিনি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।’অবশ্য বিদেশ থেকে আমদানি করা ৫০ হাজার টন চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের হাতে মজুদ থাকায় গত রমজানে সংকট কিছুটা কম হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।রাষ্ট্রীয় পর্যায়ে চিনি আমদানির উদ্যোগ হিসেবে ৩ মার্চ ব্রাজিল সফরে যান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সফরে ব্রাজিল থেকে এক লাখ টন চিনি আমদানির বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। তবে এ বিষয়ে কোনো চুক্তি এখনো হয়নি। ব্রাজিল থেকে দেশে ফিরেই গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন দিলীপ বড়ুয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম।দেশের ছয়টি চিনি পরিশোধন কারখানায় চাহিদার চেয়ে বেশি চিনি উৎপাদিত হচ্ছে। এমনকি বাণিজ্য মন্ত্রণালয় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে বিদেশে চিনি রপ্তানিরও অনুমতি দিতে যাচ্ছে।এ অবস্থায় দেশের চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চিনি না কিনে কেন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের চিনি কেনার যে প্রক্রিয়া তাতে দেশের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও চিনি কেনার কথা উল্লেখ রয়েছে। কিন্তু গত রমজানের আগে মাত্র একটি পরিশোধনকারী প্রতিষ্ঠান আমাদের চিনি বিক্রি করেছে। অন্যরা মন্ত্রণালয়ের কাছে চিনি বিক্রি করতে চায়নি। কেন চায়নি, সেটা আপনারা ভালো করেই জানেন।’সিইটিপি ১৮ মাসের মধ্যে: শিল্পমন্ত্রী বলেন, সাভারে চামড়া শিল্পনগর স্থাপনে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ নিয়ে যে আইনি জটিলতা ছিল, তা নিরসন হয়ে গেছে। এটি নির্মাণে কার্যাদেশ হয়ে গেছে। ১৫ থেকে ১৮ মাসের মধ্যে এটি নির্মাণ হয়ে যাবে।শাহজালাল সার কারখানা: শিল্পমন্ত্রী বলেন, সরকার ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ মার্চ এর উদ্বোধন করবেন। নতুন এই কারখানায় প্রতিদিন এক হাজার ৭৬০ মেট্রিক টন ও বছরে পাঁচ লাখ ৮০ হাজার ৮০০ টন ইউরিয়া সার উৎপাদিত হবে। এ ছাড়া প্রতিদিন এক হাজার টন করে অ্যামোনিয়াও উৎপাদিত হবে।