রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো একদিকে বিধিবদ্ধ জমার নগদ অংশ (সিআরআর) কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করছে না, অন্যদিকে এমন ঋণ বিতরণ করছে, যা গুণগত মানের দিক থেকে খারাপ গ্রহীতাদের দেওয়া হচ্ছে।আবার একই সঙ্গে ব্যাংকগুলোতে অনিয়ম ও জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদপত্রেও এই ব্যাংকগুলোর নানা অনিয়ম, সম্পদ-দায়ের মধ্যে বড় ব্যবধানের তথ্য প্রকাশ পাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বয়ং গভর্নর আতিউর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন বলে সূত্র জানায়।বৈঠকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি ঠিকভাবে মেনে না চলায় তাদের ঝুঁকি বাড়ছে। আশানুরূপ হারে খেলাপি ঋণ বা লোকসানি শাখা কমছে না।কেন্দ্রীয় ব্যাংক বলছে, সামগ্রিক ব্যাংক খাতে যেখানে খেলাপি ঋণের হার ৬ দশমিক ৫৭ শতাংশ, কোম্পানি হওয়ার পরও রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে সেখানে ১২ দশমিক ০৬ শতাংশ খেলাপি ঋণ আশাব্যঞ্জক নয়। বৈঠকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে কঠোরভাবে অনিয়ম ও অব্যবস্থা দূর করে আর্থিক অবস্থা উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।পরিচালন ব্যয়, মূলধনের পর্যাপ্ততা, খেলাপি ঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা, লোকসানি শাখা কমানোসহ সার্বিক উন্ন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতিবছরই এই চার ব্যাংকের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। লক্ষ্যমাত্রার আলোকে প্রতি তিন মাসের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে নিয়ে বৈঠক করে। এরই অংশ হিসেবে গতকাল মার্চভিত্তিক তথ্য পর্যালোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ছাড়াও এই বৈঠকে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে গভর্নর সোনালী ও জনতা ব্যাংকের প্রভিশন ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।