রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগে পদক্ষেপ
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালক নিয়োগ দিতে অর্থ মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল সোমবার দুটি তালিকা অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।সূত্র বলছে, এর একটি তালিকাতে পাঁচ সরকারি কর্মকর্তার নাম ও পরিচিতি রয়েছে। আর অপরটিতে ২৪ জনের নাম ও পরিচিতি রয়েছে। এঁদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যাংকার এবং ব্যবসায়ীরা। সূত্রগুলো বলছে, শিক্ষকদের নামগুলো আসছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য।মন্ত্রণালয় আশা করছে, দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক তালিকা অনুমোদন দিলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালক নিয়োগ ও পর্ষদ গঠন শুরু হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষেত্রে শুধু উল্লিখিত ব্যক্তি খেলাপি কি না তার ছাড়পত্র দেয়। অন্য কোনো যোগ্যতা যাচাই করে না।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন পরিচালকের নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। শুধু সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকেই বর্তমানে ২৬ জন পরিচালকের পদ শূন্য হয়ে আছে।