বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) নতুন শিল্পনীতিকে স্বাগত জানিয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব করা হয়েছে।শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিনিয়োগ ও শ্রমভিত্তিক আকারে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিসিআই এটাকে বিনিয়োগ আকারেই করার প্রস্তাব করেছে।অন্যদিকে শিল্পনীতিতে রাষ্ট্রীয় শিল্পকারখানাগুলোকে বিরাষ্ট্রীয়করণের ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে।কিন্তু এটিকে অবাস্তব উল্লেখ করে বিসিআই বলছে, লাভজনক বা অলাভজনক কোনো শিল্পপ্রতিষ্ঠানই সরকারের চালানো উচিত নয়। তারা পিপিপির আওতায় এসব শিল্পকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে।গত শনিবার চেম্বারের সভাকক্ষে নতুন শিল্পনীতি নিয়ে এক আলোচনা সভায় চেম্বার নেতারা এসব প্রস্তাব করেন।বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম হেলালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ঊর্ধ্বতন সহসভাপতি এস এম শাহাবউদ্দিন, পরিচালক জাহাঙ্গীর আলম, কে এম জাকির হোসেন, প্রীতি চক্রবর্তী ও মো. গোলাম মোস্তফা তালুকদার উপস্থিত ছিলেন।বিসিআই জানিয়েছে, নতুন শিল্পনীতিতে ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদানের যে লক্ষ্য সরকারের আছে, সেই লক্ষ্য অর্জন সম্ভব। বিগত শিল্পনীতিতে যে দুর্বলতাগুলো ছিল, এবারের শিল্পনীতিতে তা অনেকটা দূর হয়েছে।সংশ্লিষ্ট মহল এই শিল্পনীতি বাস্তবে অনুসরণ করলে শ্রমবাজার সম্প্রসারণ ও উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে মনে করে বিসিআই। তা ছাড়া শিল্পনীতিতে কর্মসংস্থান, শিল্পপার্ক, বিভিন্ন শিল্পভিত্তিক শিল্প এলাকা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), মহিলা উদ্যোক্তা, পরিবেশ ও জ্বালানি খাত ইত্যাদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিল্প সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে।বিসিআই আরও মনে করে, অগ্রাধিকার দেওয়া খাতগুলোকে প্রকৃত পক্ষে সুবিধা দেওয়া হলে এসব খাতে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান যোগ হবে, যা শিল্পায়নে সহায়তা করবে।তবে চেম্বার নেতাদের আশঙ্কা, এই শিল্পনীতি কোনো আইনগত কাঠামোর আওতায় পড়ে না। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ নতুন শিল্পনীতির নির্দেশিকা মানতে বাধ্য থাকবে না। আর সে কারণে ২০২১ সালের লক্ষ্যমাত্রা কতটা বাস্তবায়ন সম্ভব, সে ব্যাপারে বিসিআই সন্দিহান। তাই নতুন শিল্পনীতিতে যে আশ্বাস দেওয়া হয়েছে, তা যেন বাস্তবায়ন করা হয় এটাই প্রত্যাশা করেছে বিসিআই।