রাষ্ট্রীয় সম্পদ বেচে ১১ হাজার কোটি ডলার আয় চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি

ভারত সরকার বাজেটে সরকারি সম্পদ বিক্রি করে রেকর্ড পরিমাণ এক হাজার ১০০ কোটি ৭০ লাখ (১১ দশমিক ৭ বিলিয়ন) ডলার আয়ের পরিকল্পনা করেছে। প্রদেশগুলোর আর্থিক ভিত্তি শক্ত করা এবং দুর্বল অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত করার জন্যই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা।

বেসরকারীকরণের এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে সরকারের আয় হতে পারে ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি রুপি যা এই খাত থেকে গত চার বছরে যা আয় হয়েছে তার সমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করছেন, এই আয় দিয়ে উচ্চ প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা গত মে মাসে তাঁর নির্বাচিত হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে। আগামী বৃহস্পতিবার ভারতের ২০১৪-১৫ অর্থবছরের নতুন বাজেট পেশ হতে যাচ্ছে।

আগের কংগ্রেস সরকার সরকারি সম্পত্তি বিক্রি করে আয় করেছিল ৫৬৯ বিলিয়ন বা ৫৬ হাজার ৯০০ কোটি রুপি।

ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গঠন করে তেষট্টি বছর বয়স্ক মোদি ক্ষমতায় আসার প্রথম বছরেই বাণিজ্য কূটনীতিতে দ্রুত সফলতা লাভ করতে চান। এ জন্য আটকে থাকা সংস্কার প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে তাঁর সরকার। তবে ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি একদিকে যেমন সরকারের ব্যয় বাড়াচ্ছে অপর দিকে বিনিয়োগের পরিমাণকে কমিয়ে দিয়েছে।

এই অবস্থায় লোকসানে জর্জরিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করার ব্যাপারে সরকার সবচেয়ে বেশি আগ্রহী। কারণ এসব প্রতিষ্ঠানের লোকসান আর বাড়াতে চায় না সরকার।

আংশিকভাবে যেসব সরকারি প্রতিষ্ঠানের মালিকানা সরকার আগেই ছেড়ে দিয়েছে সেগুলোর মালিকানা আরও বেশি হারে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টিল অথরিটি অব ইন্ডিয়া যা এখন লাভজনক নয়। তবে মালিকানা পুরোপুরি ছেড়ে দেওয়া হবে না বলে জানান এর সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। কারণ নতুন মালিক এসে কর্মী ছাঁটাইয়ের মতো কোনো নেতিবাচক সিদ্ধান্ত না নিতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে সরকারকে।

মো​দি সরকার ক্ষমতায় আসার পর ভারতে শেয়ারবাজারের সূচক প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বেসরকারি বিনিয়োগ এলে এসব প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসবে এবং প্রতিষ্ঠানগুলো আরও ভালো করবে।

ইন্ডিয়ান অয়েলের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ২০১৪ সালে ৬২ শতাংশ লাভ করেছে। ওএনজিসি, কোল ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানের লাভ হয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ শতাংশ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকেও সরকার তাঁর মালিকানাধীন একটি নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পর্যায়ক্রমে কমিয়ে আনার আভাস দিয়েছে। শেয়ারবাজার যেহেতু খুব ভালো করছে, সে জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের মালিকানা ছেড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময় বলে মনে করছে সরকার।

অর্থমন্ত্রী অরুণ জেটলি পরিকল্পনা করছেন স্টিল অথরিটি অব ইন্ডিয়ার ৫ শতাংশ শেয়ার ধরে রেখে বাকি অংশ বিক্রি করে দিতে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের আয় হবে ৩৪ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ৬৪৪ কোটি টাকা।

কোল ইন্ডিয়ার ১০ শতাংশ শেয়ার ধরে রেখে বাকি ৯০ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। কোল ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এখন পর্যন্ত এখানে ভারত সরকারের শেয়ার রয়েছে ৯০ শতাংশ। এই প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি বাজারমূল্যে ভারত সরকারের আয় হবে ৪০০ কোটি ডলার, দেশীয় মুদ্রায় যা প্রায় ৩১ হাজার ১১৬ কোটি টাকা।

জ্বালানি মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেন জানান ওই কর্মকর্তা।

অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্পত্তি বিক্রির পাশাপাশি করের আওতা বাড়িয়েও সরকারের রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করছেন। বিক্রয় করের আওতা বাড়ানো হলে তা ২৯টি রাজ্যের কর কাঠামোকে সহজ করবে বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপগুলো ব্যবসা-বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। সাধারণ করের আওতা বাড়ানো হলে তা মোট জিডিপিকে বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি তেল, সার ও খাদ্যে ভতু‌র্কি কমে আসবে বলে জানিয়েছেন সরকারের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা। যদিও এটা হবে একটি অপ্রিয় সিদ্ধান্ত। এই তিন খাতে বর্তমানে সরকারের ভর্তুকি মোট জিডিপির ২ দশমিক ৩ শতাংশ। সূত্র: রয়টার্স