রাষ্ট্রীয় সেবা দেওয়ার জন্য বিপণন-কৌশল দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার রাষ্ট্রীয় সেবা দিয়ে থাকে। এই সেবার সুফল পেতে হলে সরকারের সঙ্গে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে রাষ্ট্রীয় সেবার বিপণন কৌশল তৈরি করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিশ্ব বিপণন সম্মেলনে ‘বিপণনের মাধ্যমে সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এতে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এভার্ট গুমারসন। গওহর রিজভী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় সেবা দেওয়ার লক্ষ্যে গ্রাহকসেবা ও তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে তাঁর মতে, সরকার জনগণের প্রতি দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় সেবা দিয়ে থাকে।রিজভী আরও বলেন, দুই দশক ধরে সেবাসুবিধা দেওয়ার লক্ষ্যে বেসরকারি খাতের জন্য বিভিন্ন ধরনের ধারণা দিয়ে যাচ্ছে সরকার। সেবা খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে নিয়মকানুন সহজ করা হচ্ছে। এতে সরকারি ও বেসরকারি উভয় খাতের বন্ধন সুদৃঢ় হচ্ছে। মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা অভিমত দেন, জনপ্রশাসনে সুশাসন থাকলে রাষ্ট্রীয় সেবা প্রদান পরিস্থিতির উন্নতি হবে। তাঁর মতে, রাষ্ট্রীয় সেবা জনগণের চাহিদাভিত্তিক হয়ে থাকে, যা রাষ্ট্রের দায়িত্ববোধ থেকে আসে। পর্যাপ্ত নীতিসুবিধা না থাকলে নাগরিকেরা রাষ্ট্রের সেবা কম পায়। তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারি ছাড়া রাষ্ট্রীয় সেবা সুবিধাভোগী জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছানো সম্ভব নয়। বিভিন্ন মন্ত্রণালয়, গণমাধ্যম, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে এই সেবা যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, রাষ্ট্রীয় সেবার মাধ্যমে জনগণের চাহিদা মেটাতে হয়। আর বেসরকারি প্রতিষ্ঠানকে তার সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে হয়। তাঁর মতে, রাষ্ট্রীয় সেবার পরিসর ছোট ও জটিল।মেজবাহউদ্দিন বলেন, জনগণ চায় আরও বেশি রাষ্ট্রীয় সেবা, তাই সরকারকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। সেবা দেওয়ার ক্ষেত্রে জনপ্রশাসন ও বিপণনের মধ্যে সমন্বয় করার ওপর মত দেন তিনি। তবে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে রাষ্ট্রীয় সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।মিজানুর রহমান বলেন, সরকার তার সেবাগুলো প্রায় বিনা মূল্যেই দিয়ে থাকে। এতে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়ে, জনগণ প্রকৃত সেবা পায় না। রাষ্ট্রের নীতিসহায়তাগুলো বিপণন করে বিনিয়োগ আনার ওপর জোর দেন তিনি।যেকোনো সেবা বিপণনের আগে তার কৌশল নির্ধারণের পরামর্শ দেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এভার্ট গুমারসন। তাঁর মতে, জনগণের প্রয়োজনীয়তা পূরণ করাই বিপণনের উদ্দেশ্য। আর রাষ্ট্রীয় সেবার বিপণনের কৌশল হিসেবে এর আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গতকাল ঢাকায় তিন দিনব্যাপী বিশ্ব বিপণন সম্মেলন শুরু হয়েছে।