রাস্তায় চা-পাতা ফেলে চাষিদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচা চা–পাতার ন্যায্যমূল্যের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বিকেলে চা–পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন করেন চাষিরা l প্রথম আলো
কাঁচা চা–পাতার ন্যায্যমূল্যের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বিকেলে চা–পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন করেন চাষিরা l প্রথম আলো

পঞ্চগড়ে কারখানাগুলো চা-পাতা না কেনায় চাষিরা চা-পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ক্ষুদ্র চা-চাষিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে ক্ষুদ্র চা-চাষি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে অমরখানা ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান, ক্ষুদ্র চা-চাষি মোজাহারুল হক, সৈয়দ আলী, আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন।
স্মারকলিপিতে বলা হয়, কারখানা কর্তৃপক্ষ প্রথম দিকে ক্ষুদ্র চাষিদের নানা প্রতিশ্রুতি দিয়ে বাগান করতে উৎসাহ দিয়ে এখন আর চা-পাতা কিনছে না। কারখানাগুলো নিজস্ব বাগানের পাতা দিয়ে চা উৎপাদন করছে। ফলে ক্ষুদ্র চা-চাষিদের উৎপাদিত পাতা ফেলে দিতে হচ্ছে। অন্যদিকে কিছু কারখানা পাতা কিনলেও শতকরা ৪০ থেকে ৫০ ভাগ কাঁচা চা-পাতা কেটে নিচ্ছে। কারখানাগুলোতে ৫০০ কেজি চা-পাতা বিক্রি করতে গেলে তারা মাত্র দুই থেকে আড়াই শ কেজির দাম দেয়। বর্তমানে অমরখানা এলাকার ৭২ জন চাষির শত একরের ৫০ হাজার কেজি চা-পাতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ন্যায্যমূল্যে চাষিদের কাছ থেকে চা-পাতা কিনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

পঞ্চগড় আঞ্চলিক চা-বোর্ডের প্রকল্প কর্মকর্তা সুমন শিকদার বলেন, চা-কারখানার সংখ্যা মাত্র ছয়টি। আরও চা-কারখানা স্থাপন হলে এ সমস্যা আর থাকবে না।

চা-শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক গত ২৪ সেপ্টেম্বর এক সভা আহ্বান করেন। সভায় ছয় দফা সিদ্ধান্ত হয়। কিন্তু কারখানা মালিকেরা তা মানছেন না।