রায়পুর ও রামগঞ্জে মধ্যরাত পর্যন্ত চলে ঈদের কেনাবেচা
লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে রাত একটা পর্যন্ত বেচাকেনা চলে এবং বিক্রিও গত বছরের চেয়ে অনেক বেশি বলে জানান বিক্রেতারা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথ ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় শহরের মার্কেটগুলোতে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।দুটি উপজেলা শহরের অভিজাত বিপণিবিতানগুলোতে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের আর মার্কেটগুলোতে নিত্যনতুন ফ্যাশনের শাড়ি, থ্রি-পিস ও শার্ট-প্যান্টসহ নানা ধরনের পোশাকসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।তবে অনেক ক্রেতাই অভিযোগ করেন, এবার বিভিন্ন ধরনের পোশাকের দাম গতবারের চেয়ে অনেক বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি হলো, সুতার দাম বেড়ে যাওয়ায় তাঁদের বেশি দামে কিনতে হয়েছে। সে জন্য তাঁরাও বেশি দাম নিচ্ছেন।তবে রায়পুরের ধ্রুবতারা বুটিকসের মালিক ইকবাল পরশ জানান, বেশি দাম নেওয়ার সুযোগ নেই। কারণ, প্রতিযোগিতামূলক বাজারে এটা সম্ভব নয়।রায়পুরের গাজী সুপার মার্কেটের রোজ বেলী কসমেটিকসের মালিক ইসমাইল হোসেন জানান, এবার ভালো বিক্রি হচ্ছে। ক্রেতারা জামা-কাপড় কিনে কসমেটিকস কিনছেন।রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের প্রিয়জন ফ্যাশনের মালিক ফারুক হোসেন বলেন, বিগত দিনের চেয়ে জামা-কাপড়ের দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাই সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করতে হিমশিম খাচ্ছেন।