রায়পুরে সাড়ে ১২ কোটি টাকার খেলাপি ঋণ আদায় অনিশ্চিত
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাতটি শাখার ১২ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকার খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, চার-পাঁচ বছর আগে খেলাপি হওয়া এসব ঋণ আদায়ের জন্য তাঁরা তৎপরতা চালিয়ে আসছেন। খেলাপিদের বার বার নোটিশ ও লাল নোটিশ দেওয়া হলেও ঋণ আদায় হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের রায়পুর শাখায় ৭৭৮ জন ঋণগ্রহিতার কাছে এক কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা, মিতালীবাজার শাখায় এক হাজার ৮০০ জনের কাছে তিন কোটি তিন লাখ টাকা ও রাখালিয়া শাখায় এক হাজার ৪৯৪ জনের কাছে তিন কোটি দুই লাখ ১৬ হাজার টাকা খেলাপি হয়ে আছে।সোনালী ব্যাংকের হায়দরগঞ্জ শাখায় ৪৬০ জন ঋণগ্রহিতার কাছে তিন কোটি ৪৫ লাখ টাকা, রায়পুর শাখায় ৯৬২ জনের কাছে এক কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা ও রাখালিয়া শাখায় ১৩ জনের কাছে এক লাখ ৩৯ হাজার টাকা খেলাপি হয়েছে।অগ্রণী ব্যাংকের রায়পুর শাখায় পাঁচজন ঋণগ্রহিতার কাছে ৩৪ লাখ টাকার খেলাপি ঋণ পড়ে আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাংক ব্যবস্থাপক বলেন, ব্যাংক কর্মকর্তারা বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে নিয়মনীতি না মেনে ঋণ দেয়। এতে সঠিক ব্যক্তিদের কাছে ঋণের টাকাগুলো যায়নি। যে কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তা ছাড়া রাজনৈতিক নেতাদের প্রভাবের কারণেও খেলাপি ঋণ আদায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কৃষি ব্যাংকের রায়পুর শাখার ব্যবস্থাপক রামচন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, খেলাপি ঋণগুলো আদায়ের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তারা তৎপর রয়েছেন।