রায়পুরে হঠাৎ কমে গেল চামড়ার দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে। সে কারণে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে প্রতিটি চামড়ার দাম কমে যায় ৪০০-৫০০ টাকা পর্যন্ত। ফলে বেশি দাম দিয়ে চামড়া কেনা ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা বাজারে এসে হতাশ হয়ে পড়েছেন। অনেকের মধ্যেই এখন পুঁজি হারানোর শঙ্কা।

রায়পুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে গত বৃহস্পতিবার সকালে চামড়ার হাট বসে। শুরুতে প্রতিটি চামড়া বিক্রি হয় গড়ে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। ভালো দাম দেখে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে চামড়া কেনা শুরু করেন। কিন্তু দুপুরে হাটে চামড়া এনে কম দাম দেখে তাঁরা হতাশ হয়ে পড়েন।

ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সকালে চড়া দামে চামড়া কেনাবেচা হয়। বেলা ১১টার দিকে ১০ থেকে ১২ জন চামড়ার পাইকার নিজেরা সমঝোতা করেন যে বেশি দামে তাঁরা চামড়া কিনবেন না। এর পরই চামড়ার দাম কমে যায় ৪০০ থেকে ৫০০ টাকা।

তবে পাইকারি ব্যবসায়ী নজরুল ইসলাম সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে বেশি দামে চামড়া কেনা হয়। তবে পরে খোঁজখবর নিয়ে জানা গেল চামড়ার দাম কম। এ জন্য দাম কমিয়ে দেওয়া হয়।

চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত পাঁচ-ছয় বছরের মধ্যে এবারই সারা দেশে কোরবানির পশুর চামড়া সব চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

কিন্তু নির্ধারিত মূল্য সম্পর্কে ভালোভাবে না জেনেই বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ফলে দাম নিয়ে এবারও কিছুটা জটিলতা তৈরি হয়েছে এসব মৌসুমি ব্যবসায়ী এবং চামড়ার আড়তমালিক ও ট্যানারিমালিকদের সঙ্গে।

যে দাম ঘোষণা করা হয়েছিল তা ছিল লবণযুক্ত চামড়ার দাম। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা তা না বুঝে কাঁচা চামড়াই সেই দামে কিনেছেন।