রায়পুরে ২২৭ জন নতুন করদাতাকে সনদ প্রদান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আরও ২২৭ জন নতুন করদাতা চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নতুন করদাতাকে সনদ দেওয়া হয়। এতে চার লাখ ৫৪ হাজার টাকা আদায় হয়েছে। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ শীর্ষক স্লোগানে উপকর কমিশনার লক্ষ্মীপুর সার্কেল নতুন টিআইএন নম্বরধারী ও ব্যবসায়ীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কমিশনার জামাল আহাম্মেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপকর কমিশনার লক্ষ্মীপুর সার্কেলের সহকারী কমিশনার মিজানুর রহমান, পরিদর্শী যুগ্ম কর কমিশন রেঞ্জ-২ চট্টগ্রাম সফিকুল ইসলাম আকন্দ, ফেনী রেঞ্জের কর পরিদর্শক পরেশ নাথ চাকমা ও রায়পুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইমাম হোসেন।উপকর কমিশনার লক্ষ্মীপুর সার্কেলের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, দুই হাজার টাকা কর দিয়ে আট লাখ টাকা বৈধ করা যায়। করদাতাদের উদ্বুদ্ধ করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।