রায়পুরের চরাঞ্চলে সয়াবিনের ব্যাপক চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পাঁচটি চরাঞ্চলে এবারে সয়াবিনের ব্যাপক চাষাবাদ হয়েছে।মেঘনা নদীর জেগে ওঠা চরইন্দুরিয়া, চরজালিয়া, চরঘাসিয়া, চরকাছিয়া ও কানিবগার চরে সয়াবিনের চাষ হয়।উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এসব চরের মাটি দোঁআশজাতীয়। যা সয়াবিন চাষের জন্য বেশ উপযোগী। সয়াবিনখেতে সার ছিটানোর খুব একটা দরকার পড়ে না, নিড়ানি দিয়ে আগাছাও পরিষ্কার করতে হয় না। এক-দুবার কীটনাশক দিতে হয়। চারা গজানোর ১২০ দিনের মধ্যে ফসল ঘরে আসে। চরঘাসিয়ার মো. আক্কাছ সরদার জানান, গত বছর ছয় একর জমিতে সয়াবিন চাষে মোট ৩০ হাজার টাকা খরচ হয়। ফলন পেয়েছেন ১২০ মণ, যা বিক্রি করে (প্রতিমণ এক হাজার ২০০ টাকা) মোট এক লাখ ৪০ হাজার টাকা আয় করেছেন। এতে তাঁর লাভ হয়েছে এক লাখ ১০ হাজার টাকা।কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এবার রায়পুরের এই পাঁচটি চরে মোট চার হাজার হেক্টর জমিতে সয়বিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আবাদ হয়েছে আরও ৫০০ হেক্টর বেশি জমিতে। এসব চরে সয়াবিনকে স্থানীয় কৃষকেরা ‘সোনার ফসল’ বা ‘ভাগ্য বদলের ফসল’ বলে থাকেন। কারণ, এই ফসল তাঁদের ভাগ্য বদলে দিয়েছে।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং খেতে রোগবালাই কম হওয়ায় বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকেরা। সয়াবিনকে ঘিরে স্থানীয় হায়দরগঞ্জ বাজারে ৩৫-৪০টি এবং খাসেরহাট ও মোল্লারহাটে ২০টি পাইকারি ব্যবসার দোকান গড়ে উঠেছে। রয়েছে আরও চারটি চাতাল। দেশের বড় বড় সয়াবিন তেল ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে সয়াবিন সংগ্রহ করে থাকে।হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, লক্ষ্মীপুর জেলায় রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদন হলেও গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে এখানে সয়াবিনভিত্তিক কোনো শিল্প গড়ে উঠছে না।কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় ১৯৯৩ সালে সয়াবিনের চাষ শুরু হয়।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, প্রতি হেক্টর জমিতে প্রায় দুই টন সয়াবিন উৎপাদন হয়।