রি-রোলিং শিল্পের সমস্যা লাঘবে সহায়তা কামনা
দেশে রি-রোলিং ও স্টিল বা ইস্পাতশিল্পে বিরাজমান সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই দুটি খাতের নেতারা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহযোগিতা চেয়েছেন।শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে এর সম্মেলন কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত তিনটি ব্যবসায়ী সংগঠনের এক সভায় এ সহযোগিতা চাওয়া হয়। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক আবদুর রাজ্জাক ও আবু মোতালেব, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান ও বাংলাদেশ অটোরি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সভায় রি-রোলিং ও স্টিল বা ইস্পাতশিল্প খাতের নেতারা এই দুটি শিল্পের স্বার্থে কাঁচামাল আমদানির ওপর আরোপিত অগ্রিম আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) এবং কাঁচামাল জোগানদারের ক্ষেত্রে আরোপিত চার শতাংশ অতিরিক্ত উৎসে মূসক প্রত্যাহার দাবি করেন। সেই সঙ্গে তাঁরা এমএস রড সরবরাহের ক্ষেত্রে মূসক হার আগের ২০১১-১২ অর্থবছরের মতো টনপ্রতি ১০০ টাকায় পুনর্বহাল চান।জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি সম্ভাবনাময় রি-রোলিং ও ইস্পাতশিল্প খাতে বিরাজমান সমস্যাগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে যথাযথভাবে তুলে ধরার আশ্বাস দেন।