রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকন্ডিশন্ড গাড়ি (একবার ব্যবহূত) আমদানির বয়সসীমা দুই বছর কমিয়ে দিয়ে তিন বছর নির্ধারণ করা সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকেরা। একই সঙ্গে তাঁরা দ্বৈত প্রতিষ্ঠান দিয়ে গাড়ির মূল্য, বয়স ও মান পরীক্ষার বাধ্যবাধকতা তুলে দেওয়ারও দাবি জানিয়েছেন।আমদানিকারক ও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দাবি মানা না হলে দেশে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বন্ধ হয়ে যেতে পারে। আর আমদানি বন্ধ হলে মধ্য ও উচ্চমধ্যবিত্ত ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন। সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা এ আশঙ্কার কথা উল্লেখ করেন। রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী।লিখিত বক্তব্যে বলা হয়, বাজেটের পরই জাতীয় রাজস্ব বোর্ড এক পত্রে বাণিজ্য মন্ত্রণালয়কে রিকন্ডিশন্ড গাড়ি আমদানির বয়সসীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর নির্ধারণ করে দিয়েছে। একই সঙ্গে জাপানের ‘জাই’-এর সঙ্গে ‘জেভিক’ নামক প্রতিষ্ঠান দিয়ে গাড়ির মূল্য, বয়স ও মান পরীক্ষার বাধ্যবাধকতা আরোপ করেছে।আবদুল মান্নান চৌধুরী বলেন, দেশের ৮০ শতাংশ গাড়ির চাহিদা মেটায় জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি। কেননা, নতুন গাড়ির ১০ শতাংশ মূল্যে এসব গাড়ি কেনা যায়। এ ছাড়া রিকন্ডিশন্ড এসব গাড়ির স্থায়িত্বও অনেক বেশি।ব্যবসায়ীরা জানান, বয়সসীমা কমানোর কারণে এখন অপেক্ষাকৃত নতুন গাড়ি আমদানি করতে হবে। কিন্তু চলতি বছরের মার্চে সুনামির পর জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ির সরবরাহ কমে গেছে। এ জন্য বর্তমানে কয়েক গুণ বেশি দামে গাড়ি কিনতে হবে।সহসভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের দেশে কোনো গাড়ি তৈরি হয় না, বরং নিজেদের ক্ষতি করে কেন তৃতীয় একটি দেশকে সুবিধা দেওয়া হচ্ছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে সরকার এই খাত থেকে তিন হাজার ৭৬ কোটি টাকা রাজস্ব আদায় করে। এ ছাড়া ২০০৮-০৯ অর্থবছরে শুধু চট্টগ্রাম কাস্টমস থেকে সরকারের রাজস্ব আয় দুই হাজার ৬৬১ কোটি টাকা। ব্যবসায়ীরা জানান, ২০০৯-১০ অর্থবছরে জাপান থেকে ৩২ হাজার ২২৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছিল। সেখানে গত অর্থবছরে আমদানি করা হয় মাত্র ১৯ হাজার ৮২৩টি গাড়ি। সংবাদ সম্মেলনে ব্যবসায়িক নেতারা জাপান থেকে রিকন্ডিশন্ড প্রাইভেটকারের বসয়সীমা ছয় বছর, পণ্যবাহী পিকআপ ও মাইক্রোবাস আট বছর ও যাত্রীবাহী এসি বাসের ক্ষেত্রে ১০ বছর নির্ধারণের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ বলেন, কোষাধ্যক্ষ মো. ফারুক, সাংস্কৃতিক সম্পাদক আতিয়াল হাসান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. ইকবাল প্রমুখ।