রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শোরুমে গাড়ি দেখছেন ক্রেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
শোরুমে গাড়ি দেখছেন ক্রেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

অবচয় সুবিধা কমিয়ে দিল এনবিআর, দাম বাড়তে পারে ৯০ হাজার থেকে ৯ লাখ টাকা পর্যন্ত

যাঁরা জাপানি পুরোনো গাড়ি কিনতে চাচ্ছেন, তাঁরা দেরি না করে এখনই দোকানে যান। কারণ, কিছুদিন পরে গেলেই আপনাকে পুরোনো গাড়ির দাম বেশ খানিকটা বেশি দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন যে নিয়ম করেছে, তাতে পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ির দাম ৯০ হাজার থেকে ৯ লাখ টাকা বাড়তে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।

এনবিআর গত শনিবার রিকন্ডিশন্ড গাড়ির অবচয় সুবিধার বিষয়ে পুরোনো প্রজ্ঞাপন বাতিল করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে অবচয় সুবিধা বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো, এখন থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বেশি শুল্ক ও কর দিতে হবে, যা দাম বাড়িয়ে দেবে।

এক বছরের বেশি, তবে দুই বছরের কম বয়সী গাড়ি আমদানিতে আগে অবচয় সুবিধা পাওয়া যেত ৩০ শতাংশ, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। দুই বছরের বেশি, তবে তিন বছরের কম বয়সী গাড়ির ক্ষেত্রে অবচয় সুবিধা ১০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ ধরা হয়েছে। চার ও পাঁচ বছরের ক্ষেত্রে অবচয় সুবিধা ৫ শতাংশ করে কমানো হয়েছে।

গাড়ির নতুন অবস্থায় যে দাম থাকে, তার থেকে অবচয় বাদ দিয়ে যে মূল্য দাঁড়ায়, সেটির ওপর শুল্ক ও কর আদায় করা হয়। অর্থাৎ, এখন থেকে দুই বছরের পুরোনো একটি গাড়ির মূল্য ১০০ টাকা হলে ১৫ শতাংশ অবচয় বাবদ বাদ দিয়ে ৮৫ টাকার ওপর শুল্ক আদায় করা হবে। আগে ৭০ টাকার ওপর শুল্ক আরোপ করা হতো। বাংলাদেশে মূলত জাপান থেকে পুরোনো গাড়ি আমদানি করা হয়।

এনবিআরের নতুন প্রজ্ঞাপন ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গেছে। নতুন করে যত গাড়ি আমদানি হবে, সেখানে বাড়তি শুল্ক ও কর দিতে হবে। জানতে চাইলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হাবিবউল্লাহ প্রথম আলোকে বলেন, অবচয় সুবিধা কমিয়ে দেওয়ায় রিকন্ডিশন্ড গাড়ির দাম মডেল, উৎপাদনের বছর, সিসিভেদে ৯০ হাজার থেকে ৯ লাখ টাকা পর্যন্ত বাড়বে। এতে গাড়ি বিক্রি কমে গিয়ে সরকারের রাজস্ব আদায় এক হাজার কোটি টাকা কমে যেতে পারে।

বারভিডার সভাপতি আরও বলেন, নতুন নিয়মের ফলে পুরোনো ও নতুন গাড়ির দাম প্রায় সমান হয়ে যাবে। এতে ভারতীয় ও চীনা নিম্নমানের গাড়ির ভাগাড় হবে বাংলাদেশ। একটি নতুন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এ নিয়ম করা হয়েছে। অবশ্য পুরোনো হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ দেওয়ায় বারভিডার সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান।

বারভিডার সাবেক সভাপতি ও গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান হকস বের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক কোন মডেলের গাড়ির দাম কত বাড়তে পারে, তার একটি হিসাব দেন। তিনি বলেন, টয়োটার অ্যালিয়েন ও প্রিমিও মডেলের (২০১২) গাড়ির দাম এখন ২২ থেকে সাড়ে ২২ লাখ টাকা, যা প্রায় ১ লাখ টাকা বাড়বে। একই মডেলের ২০১৬ সালে উৎপাদিত গাড়ির দাম প্রায় ৩৩ লাখ টাকা, যা ২ লাখ ৭৫ হাজার টাকা বাড়বে।

আবদুল হক আরও বলেন, করোলা অ্যাক্সিও গাড়ির ২০১২ মডেলের দাম ৭৫ হাজার টাকা, ২০১৩ মডেল ৮৫ হাজার টাকা, ২০১৪ মডেল দেড় লাখ টাকা বাড়বে। দামি গাড়ির মধ্যে প্রাডোর যে গাড়িটির দাম এখন ১ কোটি ১৫ লাখ টাকা, সেটি ৫ লাখ টাকা বেশি দিয়ে কিনতে হবে ক্রেতাদের।

বছর বছর এই অবচয় সুবিধার পরিবর্তন না করে একটি স্থায়ী সমাধান করা উচিত বলে মনে করেন বারভিডার এই প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর মতে, শুল্ক হওয়া উচিত সুনির্দিষ্ট।