রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়নের ভিত্তিমূল্য পুনর্নির্ধারণের দাবি
নতুন গাড়ির শুল্কমূল্যকে রিকন্ডিশন্ড গাড়ির (একবার ব্যবহূত) শুল্কায়নের ভিত্তিমূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। একই সঙ্গে তাঁরা আগামী বাজেটে এই খাতে সবার জন্য সমসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। বারভিডার নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব দাবির কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, এম হুমায়ুন মাহমুদ, যুগ্ম মহাসচিব রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. ফারুক, সাবেক মহাসচিব শাহ্ মোশাররফ হোসেন প্রমুখ।সংবাদ সম্মেলনে রিকন্ডিশন্ড গাড়ির অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক নীতি পরিহার করে ন্যূনতম ৫০ শতাংশ ঋণপ্রবাহ চালু করার দাবি জানান বারভিডার নেতারা। এ ছাড়া অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহায়তায় মংলা বন্দরের শুল্ক ফাঁকির অভিযোগ করে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে আমদানি করা নতুন গাড়ি আমদানিকারকের ঘোষিত মূল্য, রপ্তানিকারক অথবা এজেন্ট দ্বারা ঘোষিত মূল্যকে শুল্কায়নের ভিত্তিমূল্য হিসাবে গ্রহণ করে গাড়ি খালাস হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে রিকন্ডিশন্ড গাড়ি বর্তমানে প্রচলিত ইয়েলো বুকের ভিত্তিতে শুল্কায়ন হচ্ছে। রিকন্ডিশন্ড গাড়ির উৎপাদনের সময় নতুন মূল্য বর্তমান ইয়েলো বুকে রেফারেন্স হিসেবে উল্লেখ থাকে। তারই ভিত্তিতে অবচয় দিয়ে রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন হচ্ছে। এ কারণে একই এইচএস কোডভুক্ত পণ্য হওয়া সত্ত্বেও দ্বৈত শুল্কায়ননীতির কারণে রিকন্ডিশন্ড গাড়ি শুল্ক নতুন গাড়ির শুল্কের চেয়ে বেশি দিতে হচ্ছে। এসব কারণে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা হুমকির মুখে পড়েছে। বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘আগামী বাজেটে আমরা সময়োপযোগী সিসি স্ল্যাবের পুনর্বিন্যাস চাই। এটি হলে সার্বিকভাবে সরকারের রাজস্ব আয় বাড়বে। ভোক্তারাও অধিক টেকসই, পরিবেশবান্ধব, নিরাপদ ও বহু বছর ব্যবহারের পরও অধিকমূল্যে গাড়ি বিক্রির সুযোগ পাবে।’