রিচার্ড থ্যালারের অজানা অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণগত অর্থনীতি বা বিহেভেরিয়াল ইকোনমিকস নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ হিসেবে তাঁর আরও আগেই এ পুরস্কার পাওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্রের নাগরিক রিচার্ড থ্যালারের বেড়ে ওঠা, শিক্ষা, কর্মজীবন, পছন্দ-অপছন্দসহ তাঁর জীবনের বিভিন্ন দিক পাঠকদের জন্য তুলে ধরা হলো:

রিচার্ড থ্যালার
রিচার্ড থ্যালার

শৈশব
১৯৪৫ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন রিচার্ড থ্যালার। তাঁর বাবা অ্যালান এম থ্যালার পেশায় ছিলেন একজন অ্যাকচুয়ারি। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের অ্যাকচুয়ারি বলা হয়। বাবার চাওয়া ছিল, থ্যালার তাঁর মতোই অ্যাকচুয়ারি পেশায় আসবেন। তাঁর মা রোজলিন মেলনিকফ ছিলেন স্কুলশিক্ষিকা। যদিও পরে শিক্ষকতা ছেড়ে পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

শিক্ষা ও কর্মজীবন
১৯৬৭ সালে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন রিচার্ড থ্যালার। এরপর ১৯৭০ সালে নিউইয়র্কের ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন তিনি। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি পান থ্যালার। যদিও তাঁর প্রথম ইচ্ছা ছিল মনোবিদ্যা নিয়ে পড়ালেখা করার। কিন্তু সহজে চাকরি পাওয়ার কথা চিন্তা করে শেষ পর্যন্ত অর্থনীতিই বেছে নেন তিনি। ইউনিভার্সিটি অব রচেস্টারে অধ্যাপনার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৭৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন রিচার্ড থ্যালার।

ব্যক্তিগত জীবন
রিচার্ড থ্যালার ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দুই বছর এমআইটির স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্টে অতিথি শিক্ষক হিসেবে কাজ করেন। এখানে কাজ করার মূল কারণ ছিল ফ্রান্স লেকলার্ক, যাঁকে পরে বিয়ে করেন থ্যালার। ১৯৯৫ সালে দুজনই ইউনিভার্সিটি অব শিকাগোর ব্যবসায় অনুষদ বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। রিচার্ড থ্যালার তিন সন্তানের জনক।

নাজ থিওরিতে বাজিমাত
রিচার্ড থ্যালারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো ‘নাজ থিওরি’। এই তত্ত্বে তিনি বলেছেন, ছোট প্রণোদনা ও পুরস্কার অনেক সময় মানুষের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ভিন্নভাবে প্রভাবিত করে। কাস সানস্টেইন নামের আরেক মার্কিন অধ্যাপকের সঙ্গে যৌথভাবে এ বিষয়ে নাজ: ইমপ্রুভিং ডিসিশনস অ্যাবাউট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস নামের একটি বইও লিখেছেন তিনি। ২০০৮ সালে এই বই প্রকাশিত হওয়ার পর থেকে আচরণগত অর্থনীতি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়।

পুঁজিবাজার ঠিক বোঝেন না
অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে নোবেল পেলেও পুঁজিবাজার কীভাবে কাজ করে, সেটি সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই রিচার্ড থ্যালারের। পুঁজিবাজার সম্পর্কে মন্তব্য করতেও তিনি ‘বিচলিত’ বোধ করেন।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড থ্যালার বলেন, ‘সব দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অস্থির একটি সময় এখন আমরা পার করছি। এমন অবস্থার পরও পুঁজিবাজারে চাঙা ভাব অব্যাহত আছে। এটা কীভাবে ঘটছে, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এটি স্বীকার করতেও আমার কোনো সমস্যা নেই।’
এ বিষয়ে রিচার্ড থ্যালার বলেন, একজন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে তাঁর বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে বিচলিত হওয়াটা স্বাভাবিক। একইভাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা যখন বিচলিত থাকেন, তখন তাঁদের বিভ্রান্ত করাও সহজ। কিন্তু আশ্চর্যজনকভাবে বর্তমানের পুরো বাজারকে আতঙ্কিত বা দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে না।

ওবামার নির্বাচনী প্রচারণার উপদেষ্টা
রিচার্ড থ্যালার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ২০১২ সালে ওবামার নির্বাচনী প্রচারণা কার্যক্রম সফল করতে নানা পরামর্শ দেন তিনি। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ‘বিহেভেরিয়াল ইনসাইট টিম’-এর পরামর্শক হিসেবে কাজ করেছেন রিচার্ড থ্যালার। রিচার্ড থ্যালারের গবেষণার ওপর ভিত্তি করে ২০১০ সালে যুক্তরাজ্যে নাজ ইউনিট গঠন করে দেশটির সরকার। মানুষের অর্থনৈতিক আচরণ পরিবর্তনে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ উদ্যোগ নিয়েছিলেন।

চলচ্চিত্রে অভিনয়
২০১৫ সালে হলিউডের দ্য বিগ শর্ট চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন তিনি। ২০০৮ সালের আর্থিক মন্দাকে ঘিরে চলচ্চিত্রটি তৈরি হয়। এতে মহামন্দার কারণগুলো একটি দৃশ্যে ব্যাখ্যা করেন থ্যালার। এ দৃশ্যে তাঁর সহশিল্পী ছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি শুধু যুক্তরাষ্ট্রেই সাত কোটি ডলারের বেশি ব্যবসা করেছে। এটি ২০১৫ সালের অন্যতম ব্যবসাসফল একটি ছবি।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস, বিজনেস ইনসাইডার, দ্য ফেমান পিপল