দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবারও নতুন উচ্চতায় অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল মঙ্গলবার এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এ নিয়ে চলতি বছরে কয়েক দফায় শত কোটি ডলার করে রিজার্ভ বৃদ্ধি হয়েছে।বর্তমানের রিজার্ভ দিয়ে দেশের সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। ভারতের বিজার্ভ প্রায় তিন হাজার কোটি ডলার। এর পরই বাংলাদেশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের রিজার্ভ হচ্ছে এক হাজার কোটি ডলারের কিছু বেশি।মূলত, আমদানি ব্যয় কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আয় ও প্রবাসী-আয় বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে।দেশে বৈদেশিক মুদ্রার মজুত পরিস্থিতি এমন হয়েছে যে এখন অনেক বাণিজ্যিক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার রয়েছে। কারও কারও সংরক্ষণসীমাও অতিক্রম করছে। তারা ডলার বিক্রি করছে। কিন্তু ক্রেতা কম। ফলে বাংলাদেশ ব্যাংককে মাঝেমধ্যে নিয়ম অনুসারে ডলার কিনতে হচ্ছে।মুদ্রাবাজারে ডলারের তেমন চাহিদা নেই। টাকা দিন দিন শক্তিশালী হচ্ছে। এতে অবশ্য প্রবাসী-আয় (রেমিট্যান্স) ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। মধ্য মেয়াদে এই দুই পক্ষই নিরুৎসাহিত হয়। যে কারণে বাংলাদেশের মতো দেশগুলোতে ডলারের মূল্যমান ধরে রাখার একটা চ্যালেঞ্জ নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বাজারভিত্তিক ব্যবস্থা হলেও কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রচ্ছন্ন তৎপরতা থাকে ডলারের মূল্য ধরে রাখার।কিছুদিন আগেও এ পরিস্থিতি ছিল না। তখন ডলারের জন্য হাহাকার ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে ডলার জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকও নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে আসছিল। আইডিবির কাছ থেকে শেষমেশ একটা বড় সহায়তা মেলে। আগে ১০০ কোটি ডলারে একটা ঋণ সুবিধার ব্যবস্থা ছিল। এখন তা ২৫০ কোটিতে উন্নীত হয়েছে। এর মধ্যে যে পরিমাণ অর্থ জ্বালানি কিনতে ব্যয় হবে, আইডিবি তা পরিশোধ করবে। আর ছয় থেকে নয় মাস ভিত্তিতে সেগুলোকে পরিশোধ করতে হচ্ছে।আবার সমসাময়িক সময়ে সার্বিক বৈদেশিক বিনিময় পরিস্থিতির কথা চিন্তা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকেও সরকার ১০০ কোটি ডলার ঋণ নেয়, যার তিনটি কিস্তির অর্থ জমা হয়েছে।যে সময়টা ডলারের জন্য হাহাকার ছিল, তখন আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বাড়ছিল হু হু করে। এখন পণ্যমূল্য কমে গেছে। তখন একই সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালুর একটা তোড়জোড় পড়ে যায়। যার চাপ গিয়ে পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এই বিদ্যুৎ প্রকল্পের জন্য হঠাৎ করে জ্বালানি তেলের চাহিদাও বাড়ে। যার জোগান দিতেও বেশি তেল আমদানি করতে হয় বিপিসিকে। এখন তার পরিমাণ না কমলেও বৃদ্ধির হার নেই। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছেও।তবে বিদেশ থেকে বেসরকারি খাত সরাসরি ঋণ নিচ্ছে, যা দিয়েও মূলধনি যন্ত্রপাতি আমদানি হচ্ছে। তাই রিজার্ভের ওপর চাপ কমেছে। খাদ্যপণ্য আমদানি নেই বললেই চলে। অন্যান্য আমদানিও কমেছে। জুলাই-মে সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় কমেছে ৫ দশমিক ৯৫ শতাংশ। কিন্তু রপ্তানিতে প্রবৃদ্ধি রয়েছে (জুলাই-জুন) ১১ দশমিক ১৮ শতাংশ। আর চলতি বছরের জুলাই মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। অন্যদিকে প্রবাসী-আয়ে বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৬১ শতাংশ। আর জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১২৩ কোটি ডলারের চেয়ে বেশি। এ পরিস্থিতিতে চলতি হিসাবে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। জুলাই-মে সময়ে ২৫৬ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এসব কারণেই দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।আবার দেশের ব্যাংক খাতে বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পর এখন যেসব লেনদেন হচ্ছে, তা প্রকৃত লেনদেন। জালিয়াতকারীরা কোনো ধরনের ভুয়া লেনদেন দেখাতেও ভয় পাচ্ছে বলে মনে করা হচ্ছে। তাতেও আমদানি ব্যয় কমছে।এ পরিস্থিতিতে ডলারের চাহিদা না থাকায় মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৭৭ দশমিক ৭৫ টাকা দরে। এক বছরের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে টাকা ৭ শতাংশের বেশি মূল্যমান সঞ্চয় করেছে।বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির একাধিক কারণ উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, রপ্তানিতে একটা বড় উল্লম্ফন হয়েছে। রেমিট্যান্সেও ভালো প্রবৃদ্ধি আছে। কিন্তু অপ্রয়োজনীয় আমদানি কমেছে। খাদ্যপণ্য আমদানিও নেই। এতে রিজার্ভ বেড়েছে।