রিজার্ভ ও সোনালী ব্যাংকের চুরিতে যোগসূত্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক থেকে ২০১৩ সালে আড়াই লাখ ডলার চুরির ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এমন দাবি করা হয়েছে।

রয়টার্স বলছে, গতকাল বুধবার ওই কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, যে কৌশলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়েছে একই কৌশলে ২০১৩ সালে সোনালী ব্যাংকের অর্থও চুরি যায়। ওইসময়েও সুইফট কোড ব্যবহার করে অর্থ পরিশোধের ভুয়া অনুরোধ জানানো হয়েছিল। এখন পুরো বিষয়টির নতুন করে পর্যালোচনা চলছে।

সোনালী ব্যাংক বলছে, ওই অর্থ চুরিতেও আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম বা সুইফট কোড ব্যবহার করা হয়েছিল। ওই সময় বিষয়টি সুইফটকে জানানোও হয়েছিল। সোনালী ব্যাংকের একটি সূত্র বলছে, তুরস্কে পাচার হওয়া ওই অর্থের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোনালী ব্যাংকের প্রযুক্তি পরিচালনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হ্যাকাররা পাসওয়ার্ড জানতে সোনালী ব্যাংকের কমপিউটারে সফটওয়্যার বসিয়ে রেখেছিল। এর পর সেই পাসওয়ার্ড দিয়ে সুইফটের কাছে ভুয়া বার্তা পাঠানো হয়।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। তবে পরে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত রয়টার্সকে বলেন, বড় একটি গোষ্ঠী ওই সময় ব্যাংকে হামলা চালিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, সোনালী ব্যাংক ও রিজার্ভের অর্থ চুরিতে যোগসূত্র আছে কি না তা খুঁজে পেতে তদন্ত চলছে।

রয়টার্স বলছে, সোনালী ব্যাংকের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি সুইফটের মুখপাত্র নাতাশা দা তেরান। সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনায় তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারাও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে।