রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে আশাবাদী গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তবে তা নির্ভর করছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনের ওপর। এ জন্য ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। গতকাল মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গভর্নর।

ফজলে কবির বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির বিষয়ে এখনো তদন্ত চলছে। বিদেশি একটি প্রতিষ্ঠান ফরেনসিক তদন্ত করেছিল, তার প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়লে প্রতিবেদন আমাদের কাছে আসবে। এরপরই ব্যবস্থা নেওয়া হবে।’

ফজলে কবির বলেন, ‘চুরি হওয়া অর্থের মধ্যে ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইনের মানি লন্ডারিং বিভাগে জমা আছে। আমরা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এ অর্থ দেশে আনার চেষ্টা করছি। ফিলিপাইনের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের মাধ্যমে আরও কিছু অর্থ পাওয়া যাবে। যারা জড়িত তাদের কয়েকজনের সম্পত্তি ক্রোক করেছে দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ।’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক একটি বড় তদন্ত করছে, দ্রুতই তা শেষ হবে। তদন্ত আমাদের পক্ষে এলে রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের বিরুদ্ধে মামলা হবে। এ জন্য প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এরপরই টাকা পাওয়া যাবে কি না তা নিশ্চিত হওয়া যাবে। তবে আমরা অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

রিজার্ভ চুরির পর গত ২০ মার্চ দায়িত্ব নিয়ে গতকাল প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে আসেন গভর্নর। এ সময় তিনি বলেন, ‘দুর্ঘটনা এড়াতে আমরা সুইফট ব্যবস্থাকে নতুন আঙ্গিকে স্থাপন করছি। যেকোনো ধরনের অর্থ পরিশোধে তিন ধরনের আদেশ যাচ্ছে, এরপরই রিজার্ভ থেকে অর্থ পরিশোধ হচ্ছে।’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নীরব থাকা প্রসঙ্গে ফজলে কবির বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সরব থাকে, এটা দেখিনি। যা চলছে, এটাই স্বাভাবিক। আজকে মুদ্রানীতি ঘোষণা, তাই সরব হয়েছি। এ রকম প্রয়োজনে সরব থাকব।’