রিজার্ভ চুরির ঘটনায় আতঙ্কিত হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় মানুষের আতঙ্কিত হওয়া উচিত বলে মনে করেন মার্কিন অ্যাটর্নি প্রিত ভারারা। রিজার্ভ চুরির এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছেন এই আইন কর্মকর্তা।
বর্তমানে নিউইয়র্ক ফেড থেকে রিজার্ভ চুরির ঘটনাটি তদন্ত করছে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রিত ভারারা। তিনি বলেন, ‘আমি মনে করি, নাম ও পরিচয় জানা নেই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে এসে বিশাল অঙ্কের অর্থ চুরি করে চলে যায়, তখন সেটি নিয়ে নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। এটি আমাদের আর্থিক ব্যবস্থাপনার জন্য খুব বড় হুমকি।’
এ ঘটনায় আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রিত ভারারা বলেন, ‘আমি মনে করি না একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি এ কারণে মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে। তবে মানুষকে এটাও মাথায় রাখতে হবে, যেকোনো ব্যবস্থাই শতভাগ নিশ্ছিদ্র নিরাপদ নয়।’
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ভুয়া নির্দেশনার মাধ্যমে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপাইনে পাচার হওয়া বাকি অর্থ এখনো ফিরে পায়নি বাংলাদেশ।
মার্কিন তদন্তকারীদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে জানায়, রিজার্ভ চুরির এ ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ভেতরের কর্মীদের সম্পৃক্ততা আছে। বাইরের কিছু প্রতিষ্ঠানের তদন্তের সূত্র ধরে মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে সনিতে যেভাবে ম্যালওয়্যার ব্যবহার করে সাইবার হামলা চালানো হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সেই ঘটনার মিল আছে।