রিজার্ভ চুরির তদন্ত চান কংগ্রেসম্যান মেলোনি

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তদন্ত চান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ক্যারোলিন মেলোনি। গত মঙ্গলবার তিনি এ তদন্ত চেয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলিকে চিঠি দিয়েছেন।
চিঠিতে ক্যারোলিন মেলোনি বলেন, কীভাবে অপরাধীরা পুরো স্বয়ংক্রিয় ব্যবস্থাটিতে অবৈধভাবে প্রবেশ করে তা পরিচালনা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এতে হ্যাকার কিংবা অপরাধীরা যাতে বিভিন্ন হিসাব থেকে অর্থ চুরি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
চিঠিতে ক্যারোলিন ফেডারেল রিজার্ভের কর্মীদের সঙ্গে কথা বলতে একটি অনানুষ্ঠানিক সভা আয়োজনের তাগিদ দেন। এদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের মুখপাত্র বলেছেন, তাঁরা শিগগিরই আলোচনার দিনক্ষণ নির্ধারণ করবে।