রিজার্ভ চুরির দেড় কোটি ডলার জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের প্রায় দেড় কোটি ডলার হিসাবে জমা হয়েছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাবে গতকাল মঙ্গলবার এ অর্থ জমা হয়েছে।
এদিকে, গতকাল সকালে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছিল ৩ হাজার ২১৩ কোটি ডলার। চুরির ফেরত পাওয়া অর্থ জমা হওয়ায় দিন শেষে রিজার্ভ আরও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ফেরত পাওয়া অংশটি হিসাবে জমা হয়েছে। নিউইয়র্কের ফেডে থাকা হিসাবে এ অর্থ জমা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পাওয়ায় বাকি আছে আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।