রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বরের দিকে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে গতকাল সোমবার জাপানের অর্থায়নে পরিচালিত প্রকল্প এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে ২৪ সেপ্টেম্বর তিনি দেশ ছাড়বেন। তার দুদিন আগে তিনি রিজার্ভ চুরির ওপর করা ফরাসউদ্দিনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। 

আর এদিকে শুধু জাপান নয়, বিদেশি অর্থায়নে পরিচালিত সব প্রকল্প এলাকাতেই নিরাপত্তাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সহযোগিতাও নেওয়া হবে।

হলি আর্টিজানসহ জঙ্গি হামলার পর সরকারের পদক্ষেপগুলোতে জাপান সন্তোষ প্রকাশ করেছে জানিয়ে মুহিত বলেন, দেশটি তাঁকে আমন্ত্রণ জানিয়েছে এবং আগামী নভেম্বরে তিনি জাপানে যাচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, আগে বিদেশি অর্থায়নের প্রকল্প এলাকায় নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হতো না। জঙ্গি হামলাগুলোর পর ভাবতে হচ্ছে।