রিজার্ভ থেকে এবার দেওয়া হবে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক
পোশাক ও চামড়া কারখানা সবুজে রূপান্তরের ঋণ মিলবে স্বল্প সুদে, ১৫৬০ কোটি টাকার তহবিল

ঋণ মিলবে ৬ শতাংশ সুদে। মেয়াদ ৫-১০ বছর। বাড়তি সময় আরও ১ বছর। পোশাক ও চামড়া শিল্পকারখানা সবুজে রূপান্তর করতে চাইলে পাওয়া যাবে বেশি সুবিধার এ ঋণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রথমবারের মতো গঠন করা তহবিল থেকে এ ঋণসুবিধা পাওয়া যাবে।
এ জন্য ২০ কোটি ডলারের (১ হাজার ৫৬০ কোটি টাকা) তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের নাম ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ফর এক্সপোর্ট-ওরিয়েন্টেড টেক্সটাইল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্টস অ্যান্ড লেদার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’।
এ তহবিলে অংশগ্রহণের জন্য বেসরকারি খাতের ছয় ব্যাংকের সঙ্গে গতকাল বৃহস্পতিবার চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত এসব ব্যাংকের মাধ্যমেই দীর্ঘমেয়াদি এ ঋণ পাওয়া যাবে। শিগগির আরও কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ণ ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস কে সুর চৌধুরী বলেন, এ তহবিল যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটানো যাবে। তবে এই উন্নয়ন প্রচেষ্টায় যাতে পরিবেশগত কোনো ঝুঁকির সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। দেশজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের এই প্রচেষ্টায় দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, টেক্সটাইল ও টেক্সটাইল প্রোডাক্টস এবং লেদার বাংলাদেশের শীর্ষ রপ্তানিমুখী খাতগুলোর অন্যতম। অপর দিকে এ দুটি খাত পরিবেশগত ও সামাজিক ঝুঁকি বিবেচনায় সংবেদনশীল উৎপাদনশীল খাত হিসেবে বিবেচিত। দেড় দশকের বেশি সময় ধরে সারা বিশ্বেই ব্যবসাচর্চার মধ্যে পরিবেশ ও সামাজিক উপাদানগুলোর সক্রিয় বিবেচনা ‘বিজনেস ব্র্যান্ডিং’-এর অন্যতম নিয়ামক হিসেবে পরিগণিত হচ্ছে। খুচরা বিক্রেতারাও এখন এসব বিষয়ে সচেতন। এ কারণে নতুন এ তহবিলের মাধ্যমে খাত দুটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান বলেন, ‘অন্য যেকোনো ঋণের চেয়ে এ ঋণে বেশি সুবিধা মিলবে। জাতীয় স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা তা বাস্তবায়ন করব।’