
দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবারও নতুন রেকর্ডে বা উচ্চতায় অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল বৃহস্পতিবার এক হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এ নিয়ে চলতি বছরে কয়েক দফায় শতকোটি ডলার করে রিজার্ভ বৃদ্ধি হয়েছে।
বর্তমানের রিজার্ভ দিয়ে দেশের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। ৬ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ভারতের রিজার্ভ ২৯ হাজার ৫৭০ কোটি ডলার। তার পরেই বাংলাদেশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্যানুসারে, ১৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ৮৫২ কোটি ডলার।
মূলত, আমদানি ব্যয় কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি থাকায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য কমে যাওয়ায় আমদানি কমেছে, আবার পরিমাণেও কমেছে আমদানি। দেশের ব্যাংক খাতে বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পর এখন যেসব লেনদেন হচ্ছে, তা প্রকৃত লেনদেন। জালিয়াতকারীরা কোনো ধরনের ভুয়া লেনদেন দেখাতেও ভয় পাচ্ছে বলে মনে করা হচ্ছে। তাতেও আমদানি ব্যয় কমছে।
অন্যদিকে জুলাই-অক্টোবর সময়ে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৪৭ এবং জুলাই-সেপ্টেম্বর সময়ে আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ। তবে জুলাই-নভেম্বর সময়ে প্রবাসী-আয় বা রেমিট্যান্সে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১৪ শতাংশ।
এ ছাড়া বিদেশ থেকে বেসরকারি খাত প্রায় ২০০ কোটি ডলারে যে ঋণ এনেছে, এতেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর থেকে চাপ কমেছে। তবে পরিশোধের সময় কিছুটা চাপ আসতে পারে।
দেশে বৈদেশিক মুদ্রার মজুত পরিস্থিতি এমন হয়েছে যে, এখন অনেক বাণিজ্যিক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার রয়েছে। কারও কারও সংরক্ষণ সীমাও অতিক্রম করছে। তারা ডলার বিক্রি করছে। কিন্তু ক্রেতা কম। ফলে বাংলাদেশ ব্যাংককে নিয়ম অনুসারে ডলার কিনতে হয়েছে ব্যাংকের কাছ থেকে।
দেশে কয়েক মাস ধরে অবরোধ-হরতালের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে শিল্প-ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এসেছে। এমনিতেই প্রায় দুই বছর সময় ধরে মুদ্রাবাজারে ডলারের তেমন চাহিদা নেই। টাকা দিন দিন শক্তিশালী হচ্ছে। মূল্যমান খোয়াচ্ছে মার্কিন ডলার।
বলা হয়, টাকা শক্তিশালী হলে প্রবাসী-আয় (রেমিট্যান্স) ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। মধ্য মেয়াদে এ দুই পক্ষই নিরুৎসাহিত হয়। যে কারণে বাংলাদেশের মতো দেশগুলোতে ডলারের মূল্যমান ধরে রাখার একটা চ্যালেঞ্জ নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বাজারভিত্তিক ব্যবস্থা হলেও কেন্দ্রীয় ব্যংকের একটা প্রচ্ছন্ন তৎপরতা থাকে ডলারের মূল্য ধরে রাখার।
এ পরিস্থিতিতে ডলারের চাহিদা না থাকায় মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৭৭ দশমিক ৭৫ টাকা। গত ছয় মাসে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা ৩ শতাংশের বেশি মূল্যমান সঞ্চয় করেছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির কারণ উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিতে একটা ভালো প্রবৃদ্ধি আছে। অন্যদিকে অপ্রয়োজনীয় আমদানি কমেছে। খাদ্যপণ্য আমদানিও নেই। এখন যা আমদানি হচ্ছে, তা প্রকৃত চাহিদা। এতে রিজার্ভ বাড়ছে।’