রিজার্ভ ২,৬০০ কোটি ডলার ছাড়াল
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত এবার ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল দিন শেষে বৈদেশিক মুদ্রা মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৫ জুন বৈদেশিক মুদ্রার মজুত ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। এ ছাড়া এক বছর আগে ২০১৪ সালের এই দিনে মজুতের পরিমাণ ছিল প্রায় ২২ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার মজুত প্রায় ১৮ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে যে মজুত আছে, তা দিয়ে সাত মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানি তেলসহ খাদ্যপণ্যের দাম কমায় আমদানি ব্যয় কমেছে। এ ছাড়া মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্যের স্থিতিশীলতা, রপ্তানি আয় ও প্রবাসী-আয় বৃদ্ধি পাওয়ায় তা বৈদেশিক মুদ্রার মজুত বৃদ্ধিতে সহায়ক হয়েছে।