রিজার্ভ ২,৭০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়ে গতকাল বৃহস্পতিবার ২৭ দশমিক ০৬ বিলিয়ন বা ২ হাজার ৭০৬ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে; যা স্থানীয় মুদ্রায় ২ লাখ ১৬ হাজার ৪৮০ কোটি টাকার সমান।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশি মুদ্রার মজুত বৃদ্ধির এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের অর্থাৎ ২০১৪ সালের ২৯ অক্টোবর দেশে বৈদেশিক মুদ্রার মজুত ছিল ২২ দশমিক ২৭ বিলিয়ন বা ২ হাজার ২২৭ কোটি ডলার। এ বছরের একই দিনে তা ২৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার মজুত সাড়ে ২১ শতাংশ বেড়েছে। বর্তমান বৈদেশিক মুদ্রার মজুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সম্প্রসারিত ঋণ সুবিধার (ইসিএফ) আওতায় পাওয়া সাড়ে ২৫ কোটি ডলারও রয়েছে।
আন্তর্জাতিক মান অনুযায়ী, একটি দেশে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়। সে অনুযায়ী বাংলাদেশের বর্তমান মজুত দিয়ে আট মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট বৈদেশিক মুদ্রার মজুত ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়েছিল।
বাংলাদেশ ব্যাংক বলছে, মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার শক্তিশালী বিনিময় হার ধরে রাখা, রপ্তানি সহায়তা তহবিলের পরিমাণ ও ব্যবহারের আওতা সম্প্রসারণ, রপ্তানি ও প্রবাসী-আয় বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচক অগ্রগতির ফলে বৈদেশিক মুদ্রার মজুত নতুন উচ্চতায় উঠেছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম কমায় দেশের আমদানি ব্যয় কমেছে। এটিও বৈদেশিক মুদ্রার মজুত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।