দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবারও নতুন রেকর্ড বা উচ্চতায় অবস্থান নিয়েছে। রিজার্ভ গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই হাজার ২০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের প্রায় সাত মাসের আমদানি দায় মেটানো যাবে। এর আগে গত ১৬ জুন রিজার্ভ দুই হাজার ১০০ কোটি ডলার এবং তার আগে গত ১০ এপ্রিল দুই হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক (এমডি) কাজী ছাইদুর রহমান জানান, গতকাল রিজার্ভ প্রায় দুই হাজার ২০৫ কোটি ডলারে পৌঁছে। গত মাসে একক মাস হিসাবে সর্বাধিক পরিমাণ অর্থাৎ ১৪৮ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী-আয় দেশে এসেছে। রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি রয়েছে। বিদেশ থেকে দেশের বিভিন্ন কোম্পানি ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রায় ঋণ এনেছে। অন্যদিকে আমদানি ব্যয়ে প্রবৃদ্ধি থাকলেও তা বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় কম। এগুলো রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।