রিজার্ভ ২৪০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবারও নতুন রেকর্ডে বা উচ্চতায় অবস্থান নিয়েছে। রিজার্ভ প্রথমবারের মতো ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা মজুতের পরিমাণ বৃদ্ধি হয়ে ২ হাজার ৪০৭ কোটি মার্কিন ডলারের সমপরিমাণে উন্নীত হয়। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের সাত-আট মাসের আমদানি দায় মেটানো যাবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্স বা প্রবাসী আয় বৃদ্ধির কারণেই মূলত রিজার্ভ এ দফাতে বৃদ্ধি পেয়েছে। তবে আন্তর্জাতিকভাবে মার্কিন ডলারে ক্রয়ক্ষমতা কিছুটা কমে যাওয়া রিজার্ভ বৃদ্ধি সহায়ক হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মধ্যে একটা অংশ স্বর্ণ এবং কিছু মার্কিন ডলার ছাড়াও অন্য মুদ্রা রয়েছে। স্বর্ণ ও অন্য মুদ্রার বিপরীতে এখন বেশি মার্কিন ডলার পাওয়া যাচ্ছে। আর রিজার্ভ যেহেতু মার্কিন ডলারে হিসাব করা হয়, তাই এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রিজার্ভ ২ হাজার ৩০০ ডলার ছাড়ায়। তার আগে গত বছরের ৭ আগস্ট বৈদেশিক মুদ্রার মজুত ২ হাজার ২০০ কোটি ডলার অতিক্রম করে। একই বছরের ১৬ জুন ২ হাজার ১০০ কোটি ডলার এবং ১০ এপ্রিল দুই হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। আর তারও ঠিক এক বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ১০ এপ্রিল রিজার্ভ ছিল ১ হাজার ৪২২ কোটি ডলার।
সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়তে। প্রথম অবস্থানে রয়েছে ভারত। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ২৪ এপ্রিলের হিসাব অনুযায়ী ভারতের রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩০০ কোটি ডলার। তার পরেই বাংলাদেশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুসারে, ১৭ এপ্রিল পাকিস্তানের রিজার্ভ ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।
বিদেশি মুদ্রার মজুত পরিস্থিতি এখন এমন হয়েছে যে অনেক বাণিজ্যিক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার রয়েছে। কারও কারও সংরক্ষণ সীমাও অতিক্রম করছে। তারা ডলার বিক্রিও করছে। কিন্তু ক্রেতা কম।
বছর কয়েক আগে এ পরিস্থিতি ছিল না। তখন ডলারের জন্য হাহাকার ছিল। বিপিসির মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে ডলার জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে। আইডিবির কাছ থেকে শেষমেশ একটা বড় সহায়তা মেলে। যে পরিমাণ অর্থ জ্বালানি কিনতে ব্যয় হবে, আইডিবি তা পরিশোধ করবে। আর ছয় থেকে নয় মাস পর তা পরিশোধ করা হবে। আবার একই সময়ে সার্বিক বৈদেশিক বিনিময় পরিস্থিতির কথা চিন্তা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকেও সরকার ১০০ কোটি ডলার ঋণ নেয়।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির কারণ উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, রপ্তানি ও রেমিট্যান্স আয় বাড়াতে মূলত রিজার্ভ বৃদ্ধি হয়েছে।