রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন মার্কিন ডলার। এ হিসাব গতকাল বৃহস্পতিবার পর্যন্ত। আগের দিন বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রবাসী-আয় (রেমিট্যান্স), আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কম থাকায় কম আমদানি ব্যয় এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতাই রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রধান কারণ বলে বিবেচনা করা হচ্ছে।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে ১০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। আর গত জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছে ডিসেম্বরের তুলনায় ১০ শতাংশ বেশি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল গত ২৯ অক্টোবর। এর চার মাসের মাথায় তা ছাড়াল এবার ২৮ বিলিয়ন ডলারে।
একটি দেশে কত রিজার্ভ থাকতে হবে—তার একটি সাধারণ আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। আর সেটি হচ্ছে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হবে। দেশের গড় আমদানি ব্যয় ৪ বিলিয়ন ডলার। সে হিসাবে বর্তমান রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।