রিজার্ভের অর্থ উদ্ধারে সহায়তা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহায়তা চেয়েছেন নতুন গভর্নর ফজলে কবির। তিন বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের সদর দপ্তরে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও সহায়তা চাওয়া হয়েছে। যে তিনটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ উদ্ধারে সহায়তা চাওয়া হয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠির মাধ্যমে অর্থ উদ্ধারে সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অর্থ চুরি যাওয়ার পরপরই অর্থ লেনদেন বন্ধ ও ফেরত পেতে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংকের কাছে চিঠি দেন সদ্য বিদায়ী গভর্নর আতিউর রহমান। সে সময় তিনি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করেন। তাতে খুব বেশি ফল পাওয়া যায়নি। চুরি যাওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সিংহভাগই দেশটির ব্যাংকিং ব্যবস্থা থেকে বেরিয়ে যায়। রিজার্ভের অর্থ চুরির ওই ঘটনার দায়ে পদত্যাগে বাধ্য হন আতিউর রহমান। আর ১৬ মার্চ তাঁর জায়গায় নিয়োগ পান বর্তমান গভর্নর ফজলে কবির।
নতুন গভর্নর হিসেবে যোগ দেওয়ার পর বিদেশি তিন প্রতিষ্ঠানপ্রধান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধির কাছে চিঠি দেওয়ার বিষয়টি গতকাল রোববার সাংবাদিকদের নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা। গতকাল দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, অর্থ উদ্ধারে সহায়তার পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে চিঠি দেওয়ার কারণ সম্পর্কে শুভঙ্কর সাহা বলেন, দেশের পক্ষে যেন তিনি এ অর্থ উদ্ধারে ভূমিকা রাখেন, সে জন্যই তাঁকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানের কাছেও সহযোগিতা চেয়ে পত্র দিয়েছেন গভর্নর। পাশাপাশি ফোনেও কথা বলেছেন। এ সময় শুভঙ্কর সাহা বলেন, অর্থ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের বার্তা ব্যবহার করে কে বা কারা যুক্তরাষ্ট্রের ব্যাংকের কাছে অর্থ স্থানান্তরের ৩৫টি পরামর্শ বা অ্যাডভাইস পাঠায়। তার মধ্য থেকে পাঁচটি পরামর্শ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হলে তাতে দুই কোটি ডলার শ্রীলঙ্কায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) নামে ও ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে চার ব্যক্তির হিসাবে স্থানান্তর হয়ে যায়। পরবর্তী সময়ে শ্রীলঙ্কায় চলে যাওয়া দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপাইনে যাওয়া সিংহভাগেরই কোনো হদিস মিলছে না। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘হ্যাক’ করে এ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে গতকাল সকালে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন নতুন গভর্নর। এ সময় তিনি কর্মকর্তাদের নিয়ম-নীতিমালা মেনে কাজ করার ও তথ্যপ্রযুক্তিব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন।
পরে বৈঠক প্রসঙ্গে শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, তথ্যপ্রযুক্তির নিরাপত্তা আরও বাড়ানোর বিষয়ে জোর দিতে উপস্থিত সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি না হয়। এ ছাড়া কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করারও পরামর্শ দিয়েছেন গভর্নর।