রিজার্ভের অর্থ চুরি নিয়ে আজ ফিলিপাইনে শুনানি
বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির জন্য ফিলিপাইনের ব্যাংকব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি হবে। শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষকেই ডাকা হয়েছে।
পাশাপাশি দেশটির অর্থের সব ধরনের অবৈধ ব্যবহার প্রতিরোধ-সংক্রান্ত অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। সন্দেহভাজন বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন এএমএলসির চেয়ারম্যান আমান্দো তেতাংচো। তিনি আবার একই সঙ্গে ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, ‘ব্যাংকব্যবস্থা ব্যবহার করে এভাবে অর্থ বের করে নেওয়া পরিষ্কার অ্যান্টি মানি লন্ডারিং আইনের বরখেলাপ’। তিনি অবশ্য কার কার বিরুদ্ধে মামলা করা হবে তা জানাননি। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে সিনেট কমিটির শুনানির পরে।
এদিকে, চুরি হওয়া অর্থের কিছুটা ফিলিপাইনের কর্তৃপক্ষ উদ্ধার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান তেরেসিতা হারবোসা। তেরেসিতা হারবোসা এএমএলসির একজন সদস্য। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে কোনো না কোনোভাবে ওই অর্থের কিছুটা উদ্ধার হবে।’ গতকাল সোমবার এবিএস-সিবিএন তাঁকে উদ্ধৃত করে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে অর্থ পাচারের অভিযোগে তদন্তের বিষয়ে এসইসির ওই কর্মকর্তা কোনো কথা বলেননি।
সিনেটের শুনানি: ফিলিপাইনের সিনেটে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত ও তদন্ত করার জন্য একটি কমিটি রয়েছে। দ্য কিটি অন অ্যাকাউন্টিবিলিটি অব পাবলিক অফিসার্স অ্যান্ড ইনভেস্টিগেশন নামে এই কমিটিকে সংক্ষেপে বলা হয় ব্লু রিবন কমিটি। এই কমিটির আজকের বৈঠকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ও এসইসির চেয়ারম্যান ছাড়াও দেশটির বিনোদনকেন্দ্র ও ক্যাসিনো নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা ফিলিপাইন অ্যামিউজমেন্ট গেমিং করপোরেশনের (পিএজিসি) চেয়ারম্যানকেও আসতে বলা হয়েছে। অর্থ চুরির জন্য দেশটির রিজাল কমার্শিয়াল ব্যাংকে হিসাব খোলা হয়েছিল। এ জন্য ব্যাংকটির চেয়ারম্যান লরেঞ্জো তান ও ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস-দেগুইতোকে তলব করা হয়েছে। আরও থাকবেন ফিলিপাইনের অন্যান্য ব্যাংকের প্রধানেরাও। অর্থ চুরির জন্য ফিলিপাইনের ক্যাসিনোগুলোকে ব্যবহার করা হয়েছে। তাই ক্যাসিনোগুলোর প্রধানদেরও থাকতে বলা হয়েছে শুনানিতে।
ফিলিপাইনের ইনকোয়ারারসহ বিভিন্ন পত্রিকায় একাধিক সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে এ ঘটনা নিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস-দেগুইতোকে নিয়ে। এই শাখাতেই অর্থ চুরিতে ব্যবহৃত পাঁচটি ব্যাংক হিসাব খোলা হয়েছিল। ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ জন্য শাখা ব্যবস্থাপককেই দায়ী করেছেন। অন্যদিকে ব্যবস্থাপক মাইয়া সান্তোস-দেগুইতো বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি কাজটি করেছেন। এর মধ্যে আবার তিনি পরিবারের অন্যান্য সদস্যসহ জাপানে যেতে চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁকে বাধা দেয়। পত্রিকাগুলো বলছে, মাইয়া সান্তোস-দেগুইতোর আইনজীবী বলেছেন যে তিনি সিনেট শুনানিতে সব তথ্য জানাবেন।
এদিকে, সিনেট শুনানির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে ফিলিপাইনে। আগামী মে মাসে ফিলিপাইনে সিনেট নির্বাচন। সিনেট কমিটির সবাই ওই নির্বাচনে অংশ নিচ্ছেন। বিশ্লেষকেরা এ নিয়ে মতামত কলামও লিখছেন। সেখানে বলা হচ্ছে, ফিলিপাইনে বাংলাদেশের এই অর্থ চুরির বিষয়টি এখন সবচেয়ে আলোচিত ঘটনা। প্রার্থীরা বুঝে নিয়েছেন যে এ বিষয়ে কথা বললেই গণমাধ্যমকে আকর্ষণ করা যাবে। আর সেটাই হবে বড় প্রচারণা। এ কারণেই সিনেট কমিটি ঢাকঢোল পিটিয়ে শুনানি করছে। এর পরিবর্তে বরং অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকেই নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত। কেবল তারাই পারবে কিছু একটা করতে।
উল্লেখ্য, ২০১৩ সালে ফিলিপাইনে যখন অ্যান্টি মানি লন্ডারিং আইন সংশোধন হয়, তখন সিনেট সদস্যদের বাধার কারণেই ক্যাসিনোকে আইনে অন্তর্ভুক্ত করা যায়নি। তখন তা করা গেলে এখন ক্যাসিনোকে এভাবে ব্যবহার করা সম্ভব হতো না।