রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মায়া দেগুইতো গ্রেপ্তার

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মায়াকে গ্রেপ্তার করে পুলিশ। অজ্ঞাত সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এ বছরের ৪ থেকে ৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করে। তবে তারা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সমর্থ হয়। এ অর্থ তারা আরসিবিসির অ্যাকাউন্টে জমা করে।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এই অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা এ নিয়ে গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘জরিমানা ও গ্রেপ্তার এসবই প্রমাণ করছে আরসিবিসি সাধারণ ব্যাংকিং নিয়মকানুন অনুসরণ করেনি। শাখা ব্যবস্থাপককে গ্রেপ্তারের ফলে আমাদের দাবি আরও জোরালো হলো’।