বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের কিছু অংশ ফিলিপাইন থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ চুরির ক্ষেত্রে সংশ্লিষ্টতার জন্য সে দেশের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। ফিলিপাইনের সিনেটে শুনানি হয়েছে একাধিকবার।
ফিলিপাইনে এত কিছু হলেও বাংলাদেশে এখনো প্রকাশ করা হয়নি এ ঘটনার জন্য সরকার গঠিত তদন্ত কমিটির দেওয়া মূল প্রতিবেদন। বাজেটের পরে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন ঘোষণার পরও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিজার্ভ চুরি নিয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ও চূড়ান্ত প্রতিবেদনে দুই ধরনের তথ্য দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধানও তেমনটাই জানিয়েছিলেন। তাই অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জানি না, কেন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। এসব তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে স্বচ্ছতা, জবাবদিহি প্রকাশ পায়।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদন প্রকাশ করা না হলে নানা ধরনের গুজবের জন্ম নেয়; দোষী, নির্দোষ সবাই চাপে থাকে। এর ফলে ভবিষ্যৎ দুর্নীতিও উৎসাহিত হয়। প্রতিবেদন প্রকাশ পেলে ব্যবস্থা নেওয়াটা সহজ হয়। তবে শুধু প্রতিবেদন প্রকাশ নয়, সুপারিশ অনুযায়ী বিচার করাটাই আসল।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে আহ্বায়ক করে গত ১৫ মার্চ তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়। সময়মতো প্রতিবেদন জমা দেয় মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি। কমিটির অপর দুই সদস্য ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।
কমিটির কর্মপরিধির মধ্যে ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে এই অর্থ কীভাবে ও কার বরাবর গেল, অবৈধ পরিশোধ ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে, বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গোপন রাখার যৌক্তিকতা কী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ছিল কি না, অর্থ উদ্ধারের সম্ভাবনা কতটুকু, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় কী ইত্যাদি।
এ কমিটি গত ৩০ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেয়। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি এখনো এটি পড়েননি এবং ২ জুন পর্যন্ত (বাজেটের কারণে) তিনি ব্যস্ত। তিনি বলেন, ‘তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী ১৫-২০ দিনের মধ্যে এই প্রতিবেদন প্রকাশ করা হবে।’ এরপর গত ২১ জুলাই অর্থমন্ত্রী সংসদে বলেন, কয়েক দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবেদন প্রকাশ না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে একধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছেন। অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ও পেমেন্টস সিস্টেম বিভাগের কর্মকর্তারা রয়েছেন বিপাকে। এ কারণে নিয়মিত কার্যক্রমে একধরনের শিথিলতা দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা প্রথম আলোকে বলেন, ‘রিজার্ভ চুরির বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আমরা পাইনি। এখনো কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি।’
এদিকে ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ গত শুক্রবার বলেছেন, চুরি যাওয়া অর্থ উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ওই অর্থ উদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের একটি দল বর্তমানে ম্যানিলায় রয়েছে।