রিজার্ভের অর্থে সার্বভৌম সম্পদ তহবিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আপাতত তহবিলটির আকার হবে ২০০ কোটি ডলার। আর তহবিলটির নাম হবে ‘বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল’

.
.

 বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থে ১ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করবে সরকার। আপাতত তহবিলটির আকার হবে ২০০ কোটি ডলার। আর তহবিলটির নাম হবে ‘বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এ তহবিল গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০ কোটি ডলার দিয়ে তহবিলটি শুরু হবে এবং আগামী পাঁচ বছরে এর আকার দাঁড়াবে ১ হাজার কোটি ডলার। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে এ তহবিলের অর্থ ব্যবহার করা যাবে।
শফিউল আলম আরও বলেন, ‘আমাদের রিজার্ভ যদি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ কোটি ডলার হয়, আর সেখান থেকে আমরা যদি ২০০ কোটি ডলার নিই, তাতে অর্থনীতিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে না।’

বিশ্বের অনেক দেশেই সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, বিদেশিদের সঙ্গে মিলে কিছু করতে গেলে বৈদেশিক মুদ্রায় তহবিল লাগে। তখন ডলার দিতে হয়। যেমন জাপান ঋণ মওকুফ সহায়তা তহবিল (জেডিসিএফ), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণসহায়তা বা ইসিএফ ইত্যাদির ক্ষেত্রে ডলার লাগে।

উদাহরণ দিয়ে শফিউল আলম বলেন, ‘দেখা গেল কোনো বিদেশি ব্যাংক আমাদের ঋণ দিল, আর বলল ওটার সঙ্গে সরকারেরও সমপরিমাণ ডলার লাগবে। তখন আমাদের কোনো ব্যবস্থা থাকে না। এ তহবিল সেই অসুবিধা দূর করবে।’

তহবিলটির বহুমুখী ব্যবহার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অবকাঠামো নির্মাণ করা তো যাবেই, জনস্বার্থে যেকোনো বিনিয়োগে এ তহবিলের অর্থ ব্যবহার করা যাবে। সার্বভৌম সম্পদ তহবিল গঠনের আইন ও কাঠামো তৈরির কাজ শিগগির শুরু হবে বলেও জানান সচিব।

তহবিলটি গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে দুই বছর আগে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি করে সরকার। কমিটিতে পরে আরও চারজনকে যুক্ত করা হয়। কমিটি গত ১৫ ডিসেম্বর সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব বৃদ্ধির উপলব্ধি থেকে বিশ্বব্যাপী সার্বভৌম সম্পদ তহবিলে সম্পদ পুঞ্জীভূত হওয়ার হার বাড়ছে। যেমন ২০০৮ সালে বিশ্বে সার্বভৌম সম্পদ তহবিলের আওতায় ৩ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলারের সমান সম্পদ ছিল। ২০১৫ সালে এর আকার দাঁড়ায় ৭ লাখ ১০ হাজার কোটি ডলার।

আন্তর্জাতিক অঙ্গনে যেসব সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে, সেগুলোর মধ্যে চীন সরকারের গঠিত চীনা ইনভেস্টমেন্ট করপোরেশনের (সিআইসি) গঠন ও বৈশিষ্ট্য বাংলাদেশে সার্বভৌম সম্পদ তহবিল প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বড় প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করে প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ উদ্বৃত্ত রাজস্ব আহরণকারী বা প্রাকৃতিক সম্পদ রপ্তানিকারক দেশ নয়। দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা অধিকতর সুদৃঢ় যেমন করতে হবে, অবকাঠামো উন্নয়নে বা সরকার ঘোষিত অগ্রাধিকার খাতে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগও আকৃষ্ট করতে হবে। আর এ জন্যই সার্বভৌম সম্পদ তহবিল গঠনের উদ্যোগ বিবেচনার দাবি রাখে।

তহবিল পরিচালনায় সুশাসন নিশ্চিত করতে জবাবদিহির জায়গাটিও নিশ্চিত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। আর এ জন্য শক্তিশালী নিরীক্ষা ব্যবস্থার কথা বলা হয়।

প্রতিবেদনে সংজ্ঞা দিয়ে বলা হয়, সাধারণত একটি অর্থনীতিতে নির্ধারিত মেয়াদের দায় পরিশোধের জন্য প্রয়োজনের অতিরিক্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঞ্চিত হতে থাকলে, উদ্বৃত্ত রিজার্ভ বিশেষ উদ্দেশ্যে আলাদা করে যে বিনিয়োগ তহবিল গঠন করা হয়, সেটাই হচ্ছে সার্বভৌম সম্পদ তহবিল।