রিজার্ভের অর্থে ৫০০ কোটি ডলারের বন্ড ছাড়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নে ৫০০ কোটি মার্কিন ডলারের সমান ‘সভরেন বন্ড’ ছাড়বে সরকার। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তার আগে এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার চৌধুরীর নেতৃত্বাধীন একটি দল। অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে এমনি এমনি টাকা নিলে অর্থনীতিতে অসুবিধা হয়। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ নিয়ে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রিজার্ভের অর্থ ফেলে না রেখে আমরা চাই উন্নয়নকাজে ব্যবহার করতে চাই।’ তবে বন্ডের সুদের হার এখনো ঠিক করা হয়নি।
কিন্তু বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে টাকা বন্ড ছাড়ার সুযোগ থাকলেও ডলার বন্ড ছাড়ার সুযোগ নেই। এ জন্য আইন প্রণয়নে হাত দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, বড় বড় প্রকল্পের জন্য অনেক অর্থ দরকার। তবে সভরেন বন্ডের ব্যাপারটা বাংলাদেশের জন্য নতুন। সাধারণত ধনী দেশ যাদের অনেক সম্পদ থাকে, তারা এগুলো ছাড়ে।
হাসতে হাসতে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদেরও সম্পদ আছে। আমি বলি, সেটা হচ্ছে মানুষ। প্রচুর মানুষ আছে আমাদের।’
৫০০ কোটি ডলারের চিন্তা করা হলেও প্রথম পর্যায়ে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তবে বন্ডের সুদের হার কত হবে—তা এখনো ঠিক হয়নি। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে ৫০০ কোটি ডলারে দাঁড়ায় ৪০ হাজার কোটি টাকা।
বিদেশ থেকে নমনীয় সুদে যে ঋণ নেওয়া হয়, এ বন্ডের সুদের হার তার থেকে বেশি হবে বলে ধারণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সুদের হার হবে অনমনীয় ঋণের (কঠিন শর্তের ঋণ) সুদের হারের কাছাকাছি।
বন্ড ছাড়ার আইনের খসড়া অনুমোদনের জন্য আগামী মাসে মন্ত্রিসভায় উত্থাপন করা যাবে বলে আশা করছেন মুহিত।
গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) থেকে সভরেন বন্ড ছাড়ার বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পুরো প্রতিবেদনটি তিনি পড়তে পারেননি।
সভরেন বন্ড ছাড়ার ব্যাপারে এর আগে নেতিবাচক মনোভাব থাকলেও এখন কেন ছাড়ার ব্যাপারে উদ্যোগী হলেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, না, না। আপনি ভুল করছেন। নেতিবাচক মনোভাব ছিল না। এটা নিজেদের মধ্যকার অর্থাৎ অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।’
বন্ড পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের আওতায় আলাদা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।
গ্রামীণফোন প্রসঙ্গ: বন্ড ছাড়াবিষয়ক বৈঠকের পর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেটার বি ফারবার্গের সঙ্গে এক সৌজন্য বৈঠক হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সৌজন্য বৈঠক আর সৌজন্যের থাকে না, ব্যবসায়ের বৈঠক হয়ে যায়। এটিও তাই হয়েছে।’
উচ্চ করপোরেট কর, আইনি সেবার জন্য আইনজীবী নিয়োগে অসুবিধা, তরঙ্গ বিক্রির ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বেঁধে দেওয়া অ্যাপসের দাম নিয়ে সিইও কিছু অভিযোগ তুলেছেন বলে জানান মুহিত। সমস্যাগুলোর সমাধানে অর্থমন্ত্রী উদ্যোগী হবেন—সিইওকে এমন আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘বিটিআরসি নাকি বলে দিয়েছে যে অ্যাপস বিক্রিতে ৫০ টাকার বেশি নেওয়া যাবে না। ইট ইজ সিলি (বোকার মতো)। ৫০ টাকায় কোনো অ্যাপস পাওয়া যায় বলে আমার সন্দেহ আছে।’