রিজালের ঊর্ধ্বতনদের যোগসাজশ অস্বীকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী ও কর্মকর্তাদের মধ্যে কোনো ‘ফৌজদারি অপরাধমূলক সহযোগিতা’ বা যোগসাজশ ছিল না। প্রতিষ্ঠানটির আইন ও নিয়ন্ত্রণ সংস্থার প্রধান এমন দাবি করেছেন।
গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এ প্রক্রিয়ায় জড়িত ফিলিপাইনের নানা পক্ষের সংশ্লিষ্টতাকে ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে এখন পর্যন্ত যা না জবাব মিলেছে, তার চেয়ে বেশি প্রশ্নের উদয় হয়েছে।
এই কেলেঙ্কারি ফিলিপাইনের ব্যাংকিং খাত এবং আর্থিক খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থায় এক বিরাট ধাক্কা হয়ে দেখা দিয়েছে। রিজার্ভের অর্থ চুরি নিয়ে রহস্যের জট না খুলতেই আরসিবিসির আইন ও নিয়ন্ত্রণ সংস্থার প্রধান মাসেল ফার্নান্দেজ স্তাভিলো ওই দাবি করলেন।
কেলেঙ্কারির আগা-গোড়া উদ্ঘাটনে ফিলিপাইনের সিনেট সদস্য ও নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। মাকাতি সিটির আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোসহ যাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ উঠেছে, গণমাধ্যমে তাঁদের নিয়ে পরস্পরবিরোধী খবর বের হচ্ছে। সেই সঙ্গে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন তাঁরা।
তবে বহুল আলোচিত আরসিবিসির আইন ও নিয়ন্ত্রণ সংস্থার প্রধান মাসেল ফার্নান্দেজ স্তাভিলো বলেন, বড়জোর কেলেঙ্কারির দায় ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো ও সিনিয়র কাস্টমার রিলেশনশিপ কর্মকর্তা অ্যাঞ্জেলা তোরেসের ওপর চাপানো যেতে পারে। তবে তিনি বলেন, ‘আমরা তদন্তে দেখেছি, মায়া অমনোযোগী নন।...এবং তোরেসও। আমার ধারণা, এটি তাঁরাও জানেন।’ কৌঁসুলি স্তাভিলো আরও বলেন, ‘ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশের বিষয় সমর্থন করে, এমন কিছু আমরা তদন্তে পাইনি।’
ফার্নান্দেজ স্তাভিলো এসব কথা বললেও দেগুইতো দোষারোপের আঙুল তুলেছেন আরসিবিসির প্রেসিডেন্ট তোরেঞ্জো তানের দিকে। দেগুইতো ও আরসিবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরস্পরের অভিযোগ-পাল্টা অভিযোগে এখন তদন্তকারীরা পড়েছেন সংশয়ে। এ অবস্থায় তাঁরা ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লিখিত দুই কর্মকর্তা ছাড়াও আরসিবিসির আরও দুই কর্মকর্তা চুরিতে জড়িত থাকতে পারেন বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেন সিনেট ব্লু রিবোন কমিটির সভাপতি সিনেটর তেওফিস্তো গিংগোনা (তৃতীয়)। তিনি বলেন, সিনেটের রুদ্ধদ্বার শুনানিতে দেগুইতো যে সাক্ষ্য দিয়েছেন তাতে স্পষ্ট, তিনিই সর্বোচ্চ দোষী ব্যক্তি নন। একটি চক্র এ ঘটনায় জড়িত। কোনো এক ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। তাঁদের নাম বেরিয়েও এসেছে।’
এদিকে আরসিবিসির আইন ও নিয়ন্ত্রণ সংস্থার প্রধান স্তাভিলো চুরি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তদন্তকাজে ব্যাংকের তরফে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে মুদ্রা পাচারবিরোধী কাউন্সিল মার্কিন তদন্ত সংস্থাটির সহায়তা কামনা করে। স্তাভিলো বলেন, ‘আমরা এই ঘটনার সুরাহা দেখতে চাই। তাই আমাদের যে ব্যবস্থা রয়েছে, তা তাদের সহায়তায় লাগতে পারে। আমরা সহায়তা করব।’
বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যবসায়ী কিম ওয়ংকে মূল পরিকল্পনাকারী বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের সিনেটর সেরগে ওসমেনা। চুরির ঘটনায় আরসিবিসির চারটি ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করা হয়। এই চারটি হিসাবে ৮ কোটি ১০ লাখ ডলার পৌঁছার পর সেগুলো অন্যান্য ব্যাংক হিসাবে পাঠানোর আগে পেসোতে রূপান্তরে ফিলরেমকে ব্যবহার করতে দেগুইতোকে নির্দেশ দিয়েছিলেন ওয়ং।
ফিলিপাইনের সিনেট এরই মধ্যে অর্থ চুরির ঘটনায় দুটি শুনানি করেছে। ২৯ মার্চ আরেকটি শুনানির কথা রয়েছে। আর ফিলিপাইনের বিচার বিভাগের তদন্তে দেগুইতোকে গত শুক্রবার তলব করা হয়। আগামী ১২ ও ১৯ এপ্রিল তাঁকে প্রাথমিক শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিচার বিভাগ নির্ধারণ করবে, অর্থ চুরির ওই ঘটনায় দেগুইতোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় কি না।